জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে আমরা আপনাদের দুয়ারে এসেছি। যে বাংলাদেশে কৃষক, শ্রমিক ও খেটে খাওয়া মানুষ সমান নাগরিক অধিকার ভোগ করবে।
তিনি বলেন, এক দলকে ক্ষমতা থেকে সরিয়ে আরেক দলের লুটপাটের জন্য বাংলাদেশের ছাত্র-জনতা রক্ত দেয়নি। জুলাই গণঅভ্যুত্থানের লক্ষ্য ছিল রাষ্ট্রের পরিবর্তন ও সংস্কার। আগের মতো লুটপাট, চাঁদাবাজি, দুর্নীতি ও দুঃশাসন চলতে থাকলে জুলাইয়ের আত্মত্যাগের মূল্য কোথায়?
মঙ্গলবার (২১ জুলাই) বিকেল সাড়ে ৪টায় বাগেরহাটের চিতলমারী কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই পদযাত্রার আগে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি ও জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে ঘোষিত মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে চিতলমারীতে এ পদযাত্রার আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি।
হাসনাত আবদুল্লাহ বলেন, এ দেশে শেখ পরিবার আর নেতৃত্ব দিতে পারবে না। ৫ আগস্টের গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশের জনগণ তাদের চিরতরে বয়কট করেছে।
পথসভায় চিতলমারী উপজেলা পরিষদ নির্বাচনে এনসিপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী ইসতিয়াক হোসেন জামিকে পরিচয় করিয়ে দেন হাসনাত আবদুল্লাহ। এ সময় তিনি তার জন্য উপস্থিত জনতার কাছে ভোট চান।
চিতলমারী উপজেলা এনসিপির প্রধান সমন্বয়ক এফ এম শাহরিয়ার আল ইসলাম জুয়েলের সভাপতিত্বে পথসভা সঞ্চালনা করেন যুগ্ম সমন্বয়কারী রফিকুল ইসলাম কাকামিয়া।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. মশিউর রহমান খান এবং জাতীয় নাগরিক পার্টির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাহামুদা মিতু।
জুলাই সনদ বাস্তবায়নসহ বিভিন্ন দাবিতে বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার ও আলী আহসান জুনায়েদ, কেন্দ্রীয় কমিটির সদস্য মহিউদ্দিন রনি, ছাত্রশক্তির আহ্বায়ক জাহিদ হাসান, কেন্দ্রীয় নারীশক্তির নেত্রী আজবীন আরোবিন নওশিন, বাগেরহাট জেলা এনসিপির সভাপতি মোর্শেদ আনোয়ার সোহেল, চিতলমারী উপজেলা পরিষদে এনসিপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী ইসতিয়াক হোসেন জামি এবং জুলাই গণঅভ্যুত্থানে শহীদ সাব্বির মল্লিকের বাবা শহিদুল মল্লিক।
এ ছাড়া এনসিপি ও এর সহযোগী সংগঠনের কেন্দ্রীয়, বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা পথসভায় উপস্থিত ছিলেন।
পথসভা শেষে হাসনাত আবদুল্লাহর নেতৃত্বে জুলাই পদযাত্রা চিতলমারীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।










