নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য আজ সোমবার বিকেলে এভারকেয়ার হাসপাতালে যান বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপি নেতা অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, মেডিকেল বোর্ডের সুপারিশক্রমে কিছু পরীক্ষা-নিরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হয় খালেদা জিয়াকে। নিয়মিত চেকআপের অংশ হিসেবেই তিনি হাসপাতালে যান।
আজ সোমবার (২২ আগস্ট) বিকেল ৪টার দিকে গুলশানের বাসভবন থেকে রওনা করে সাড়ে ৪টায় এভারকেয়ার হাসপাতালে পৌঁছান বেগম খালেদা জিয়া।
৭৮ বছর বয়সী খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বাধীন একটি মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন। সর্বশেষ গত ১১ জুন এভারকেয়ার হাসপাতালে তার হৃদপিণ্ডের ব্লক অপসারণ করে একটি “স্টেন্ট” বসানো হয়েছিল।










