spot_img

খুলনায় বিএনপির সমাবেশস্থলে মানুষের ঢল

খুলনায় বিএনপির বিভাগীয় গণসমাবেশে মানুষের ঢল নেমেছে। শুক্রবার রাত ১০টার পর থেকেই হাজার হাজার নেতা-কর্মী ফেরিঘাট সোনালি ব্যাংক চত্বরের সামনে অবস্থান নেয়। ভোর থেকেই খুলনা বিভাগের বিভিন্ন জেলা-উপজেলা ও প্রত্যন্ত অঞ্চল থেকে জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি সম্বলিত প্লাকার্ড, ব্যানার এবং ধানের শীষ নিয়ে বড় বড় মিছিল নিয়ে আসতে থাকে।

এরপর নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো বিএনপির নেতা-কর্মীদের দখলে চলে যায়। এ সময় পুলিশকে নিষ্ক্রিয়ভাবে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। সকাল ১০টার সময় নগরীর শিববাড়ি মোড়ে গিয়ে দেখা যায়, নড়াইল, যশোর, মাগুরা, সাতক্ষীরা, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ থেকে আসা হাজার হাজার নেতাকর্মীর স্লোগানে প্রকম্পিত হচ্ছে।

বিভাগীয় গণসমাবেশের মঞ্চ প্রস্তুতের কাজ সম্পন্ন হয়েছে। সেখানে আজ শনিবার (২২ অক্টোবর) সকাল পৌনে ১১টা থেকে দেশাত্ববোধক গান পরিবেশন করছেন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) শিল্পীরা।

এ সমাবেশে বিভিন্ন জেলা থেকে মানুষ কষ্ট স্বীকার করে এসেছেন। ঝিনাইদহের কালিগঞ্জ উপজেলা থেকে সমাবেশে যোগ দেয়া যুবদল কর্মী নাসির জানান, শুক্রবার রাতে লোকাল ট্রেনে করে তারা খুলনা এসেছেন। ট্রেনে তিল ধারণের জায়গা ছিল না। অনেকে ঝুলে, আবার অনেকে ছাদে উঠে এসেছেন। আসার পথে পুলিশ বাধা না দিলেও বিভিন্ন জায়গায় ট্রেনে ইট-পাটকেল নিক্ষেপ করা হয়েছে। এতে অনেকে আহত হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ