পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বাংলাদেশ সম্পর্কে বিদেশি রাষ্ট্রদূতদের মন্তব্য করতে বাধ্য করেছে দেশের কিছু গণমাধ্যম। এ ব্যাপারে যত্নশীল হতে হবে।
মঙ্গলবার (২২ নভেম্বর) সকালে সিলেট জেলা স্টেডিয়ামে সাহিত্য মেলায় প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, কিছু কিছু রাষ্ট্রদূত জানিয়েছেন, এ বিষয়ে তাঁরা কিছুই জানেন না। সাংবাদিকরা তাঁদের (রাষ্ট্রদূতদের) প্রশ্ন করে উত্তর দিতে বাধ্য করে। নিজের ঘরের বিষয় অন্যের কাছে বলাটা লজ্জাজনক।
তিনি বলেন, অন্য কোনো দেশের মানুষ নিজেদের অভ্যন্তরীণ বিষয় নিয়ে বিদেশি কূটনীতিকদের কাছে জানতে চান না। এখন কিন্তু আমরা কলোনিয়াল দেশ না, আমরা কলোনি না। সুতরাং সেটা মনে রাখতে হবে।











