spot_img
spot_img

জাতীয় ঐক্যের আগে সংবিধান সংস্কার পরিষদের শপথ নিতে হবে: নাহিদ ইসলাম

প্রধানমন্ত্রী তারেক রহমানের আমন্ত্রণে তার সঙ্গে সংলাপে অংশ নিতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সংলাপে জাতীয় ঐক্যের প্রথম পদক্ষেপ হিসেবে একদলীয় সংবিধান সংশোধন কমিটি অবিলম্বে ভেঙে দিয়ে সংবিধান সংস্কার পরিষদের শপথ নিতে সরকারের প্রতি আহ্বান জানাবে দলটি|

রোববার (২২ নভেম্বর) সন্ধ্যায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেন, দেশে একটি সংকটকাল চলছে। এ সময় সরকারপ্রধান সংলাপের আহ্বান জানালে দায়িত্বশীল রাজনৈতিক দল ও বিরোধী দল হিসেবে তাঁরা তাতে সাড়া দেবেন।

তিনি বলেন, আমরা মূলত শুনতে চাইছি প্রধানমন্ত্রী আসলে কী চাইছেন, তিনি কীভাবে দেশকে এগিয়ে নিতে চাইছেন, কীভাবে পরিস্থিতি মোকাবিলা করতে চাইছেন। আমাদের জায়গা থেকে আমরা তাকে পরামর্শ দিয়ে আসব। জাতীয় ঐক্যের অবশ্যই সুস্পষ্ট ভিত্তি ও অঙ্গীকার থাকতে হবে এবং বিগত সময়ে যে অঙ্গীকার ভঙ্গ করেছেন, তার জন্য ক্ষমা চাইতে হবে। এমন কিছু করার মাধ্যমেই জাতীয় ঐকমত্যের শুরু করতে হবে, যাতে আমরা আশ্বস্ত হব।

জাতীয় ঐক্যের প্রথম পদক্ষেপ হিসেবে একদলীয় সংবিধান সংশোধন কমিটি’ অবিলম্বে ভেঙে দিয়ে সংবিধান সংস্কার পরিষদের শপথ নেওয়ার আহ্বান জানিয়ে নাহিদ বলেন, এই পদক্ষেপের মাধ্যমে জনগণ বুঝতে পারবে, রাজনৈতিক দলগুলোর কাছে বার্তা যাবে যে তারা আসলেই জাতীয় ঐকমত্য চাইছে। আর না হলে তারা শুধু ডিসেম্বরে জাতীয় ঐকমত্য চাইবে আওয়ামী লীগ ঠেকানোর জন্য, জানুয়ারি মাসে তারা আবার এই একদলীয় কমিটির রায় ও মতামত অনুযায়ী সংবিধান সংশোধন করে ফেলবে। এ ধরনের কোনো জাতীয় ঐক্যপ্রক্রিয়ায় এনসিপি অংশ নেবে না।

গণভোটের গণরায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার সঠিকভাবে ত্বরান্বিত করা, গঙ্গা চুক্তির নবায়ন এবং শেখ হাসিনার ফাঁসি কার্যকর করার মতো মৌলিক বিষয়গুলোতে বিএনপি সরকার অঙ্গীকারবদ্ধ হলে তবেই জাতীয় ঐক্য হতে পারে বলে মন্তব্য করেন নাহিদ।

তিনি বলেন, জনগণকে বারবার সংস্কার ও পরিবর্তনের আকাঙ্ক্ষা দেখিয়ে রাজনৈতিক দলগুলো রাস্তায় নামাবে এবং বিপ্লব শেষ হলে তাদের অঙ্গীকার ভঙ্গ করবে, জনগণ সেই আহ্বানে সাড়া দেবে না।

নাহিদ ইসলাম বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের পর থেকেই অভ্যুত্থানের শক্তিগুলোর মধ্যে জাতীয় ঐক্যের কথা বলা হচ্ছে। কিন্তু বিএনপি সেই পথে হাঁটেনি। সংস্কারপ্রক্রিয়ায় সহযোগিতা না করে জাতীয় ঐক্য তারাই প্রথম ভঙ্গ করেছিল। নির্বাচনের পর শপথ নেওয়ার দিনই সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিয়ে দ্বিতীয়বারের মতো জাতীয় ঐক্য ভঙ্গ করেছে তারা।

তিনি অভিযোগ করেন, সাত মাস ধরে বিএনপির বিভিন্ন নেতা গণভোটের গণরায়কে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অস্বীকার করেছেন। ফলে বিএনপি যদি জাতীয় ঐক্যের আহ্বান জানাতে চায়, তাহলে জনগণের বিরুদ্ধে অবস্থান নেওয়া ও গণ-অভ্যুত্থানের অঙ্গীকার ভঙ্গসহ আগে নেওয়া পদক্ষেপগুলোর ভুল শুধরে সেই আহ্বান জানানো উচিত।

এনসিপি নিজেদের অবস্থান থেকে ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে রাজপথে থাকবে বলেও জানান নাহিদ। তিনি বলেন, ভারত আওয়ামী লীগের মাধ্যমে বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র প্রমাণ করার চেষ্টা করছে। সেই শক্তির মোকাবিলা ইনশাআল্লাহ আমরা রাজপথে করব। সেটার জন্য আমাদের আসলে বিএনপির সঙ্গে জাতীয় ঐক্য বা এক টেবিলে বসার কোনো বিষয় নেই। আওয়ামী লীগের প্রথম টার্গেটই হচ্ছে এনসিপি। ফলে রাজনৈতিক কারণেই আমরা সেই লড়াই অব্যাহত রাখব।

১৩ থেকে ২১ নভেম্বর পর্যন্ত যুক্তরাজ্য সফরে বিভিন্ন সেমিনার, আলোচনা ও মতবিনিময়ে অংশগ্রহণের কথা উল্লেখ করেন নাহিদ ইসলাম। সাংবাদিকদের তিনি জানান, ১৬ নভেম্বর লন্ডনে একটি অনুষ্ঠান শেষে বের হওয়ার সময় তাঁকে হত্যার উদ্দেশ্যে পতিত ফ্যাসিবাদী শক্তির নেতা-কর্মীরা ন্যক্কারজনক হামলা চালান।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ