প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, খালেদা জিয়ার বাঁচা-মরা আল্লাহর হাতে। চিকিৎসা দেবেন আপনি। কোনও কারণে যদি আপনি চিকিৎসা দিতে ব্যর্থ হন, তাহলে সৃষ্ট পরিস্থিতি দায় আপনাকে নিতে হবে।
বুধবার (২২ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবে ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনা ও অগ্নিঝরা মতিহার এবং রিজভী আহমেদ’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
শামসুজ্জামান দুদু বলেন, এই দিন শেষ দিন না, আরও দিন আছে। বিচার দেখেন নাই এখনও। এখন যে দুর্নীতি-লুটপাট, হত্যা-গুম, আমেরিকায় কার কী ভিসা বাতিল করেছে এই নিয়ে আমি খুব উদ্বিগ্ন না, এটা নিয়ে আমি চিন্তিত না। আরে ভাই, আপনারা প্রস্তুত হন, বিচারের কাঠগড়ায় আপনাদের দাঁড়াতে হবে। ভাবার কোনো কারণ নাই যে, আপনি লুটপাট করেছেন ক্ষমতায় সারা জীবন এখানে থাকবেন।
দুদু বলেন, উত্তর কোরিয়া ও বাংলাদেশ পিঠোপিঠি ভাই-বোন হয়ে গেছে। এক সাগর রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। কত মা তার সন্তান হারিয়েছে কি উত্তর কোরিয়ার সঙ্গে পিঠোপিঠি ভাই-বোন হওয়ার জন্য? কিন্তু আজ আমরা তাই দেখতে পাচ্ছি।










