নির্বাচন কমিশন গঠন করতে সংলাপের নামে ছাগল খোঁজা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
তিনি বলেন, নির্বাচন কমিশন গঠন করতে সংলাপের নামে আসলে ছাগল খোঁজা হচ্ছে। সেই নির্বাচন কমিশন তো দূরের কথা, বিএনপি এই সরকারের অধীনেই কোনো নির্বাচনে যাবে না। এই সরকারের পৃথিবী দিনদিন ছোট হয়ে আসছে। অনেককেই আমেরিকায় অবাঞ্ছিত করা হয়েছে। এই সরকারের আরও অনেকের আমেরিকার ভিসা বাতিল হয়ে গেছে।
বুধবার (২২ ডিসেম্বর) বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে যশোর জেলা বিএনপি আয়োজিত গণসমাবেশে এসব কথা বলেন তিনি।
মির্জা আব্বাস বলেন, বেগম খালেদা জিয়াকে মুক্তি দিলে শেখ হাসিনা আর ক্ষমতায় থাকতে পারবেন না। সে কারণেই তাকে মুক্তি ও সুচিকিৎসার সুযোগ দিতে চায় না এ সরকার। একমাত্র আন্দোলনের মাধ্যমেই এই সরকারের পতন, খালেদা জিয়ার মুক্তি ও তার চিকিৎসার বিষয়টি নিশ্চিত করা যাবে।










