পাইপলাইনের মাধ্যমে গ্যাস আমদানি করতে ৭ বছর আগে রাশিয়া ও পাকিস্তানের মধ্যে যে চুক্তি হয়েছিল, সেই প্রকল্পের কাজে জটিলতা দেখা দেওয়ায় তা মিমাংসা করতে মস্কো সফরে গিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।
বুধবার (২৩ ফেব্রুয়ারি) ইসলামাবাদ থেকে মস্কোগামী ফ্লাইটে ওঠেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।
মস্কোতে এক সংবাদ সম্মেলনে ইমরান খান বলেন, আমাদের নর্থ-সাউথ পাইপলাইন প্রকল্পের কাজে কিছু সমস্যা দেখা দিয়েছে। যে কোম্পনিকে আমরা পাইপলাইন নির্মাণের দায়িত্ব দিয়েছিলাম, সেটি সম্প্রতি মার্কিন নিষেধাজ্ঞার কবলে পড়েছে।
এখন এই প্রকল্পের কাজ শেষ করতে হলে এমন একটি রুশ কোম্পানিকে আমাদের বেছে নিতে হবে, যেটির ওপর এখনও নিষেধাজ্ঞা জারি হয়েনি। এ বিষয়ে রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা করতেই আমি এসেছি।
দেশটির জ্বালানিসম্পদ মন্ত্রী হাম্মাদ আজহার তার সঙ্গে রয়েছেন বলে বার্তাসংস্থা রয়টার্সকে নিশ্চিত করেছেন জ্বালানিসম্পদ মন্ত্রণালয়ের এক মুখপাত্র।
রয়টার্সকে ওই মুখপাত্র বলেন, পাইপলাইন নির্মাণ প্রকল্পের কাজ দ্রুত শেষ করতে উভয় দেশই আগ্রহী। প্রকল্পের কাজ শেষ হলেই রাশিয়া থেকে গ্যাসের যোগান আসা শুরু হবে পাকিস্তানে।











