spot_img
spot_img

শক্তিশালী অর্থনৈতিক জোট গঠনের সম্ভাবনা ডি-৮ দেশগুলোর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ডি-৮ ভুক্ত দেশগুলোর একটি শক্তিশালী অর্থনৈতিক জোট গঠনের যথেষ্ট সম্ভাবনা রয়েছে।

বুধবার (২৩ ফেব্রুয়ারি) ডি-৮ এর নতুন মহাসচিব রাষ্ট্রদূত ইসিয়াকা আব্দুল কাদির ইমাম প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ কথা বলেন।

এ সময় উভয়েই সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে বাণিজ্য বাড়াতে অগ্রাধিকার বাণিজ্য চুক্তি (পিটিএ) বাস্তবায়নের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন। বৈঠকের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ কথা জানান।

প্রধানমন্ত্রী ও মহাসচিব এ সময় ডি-৮ ভুক্ত দেশগুলোর ব্যবসা, অর্থনীতি, বাণিজ্য, পরিবহন, কৃষি, পর্যটন, শিক্ষা ও জ্বালানির মতো বিভিন্ন খাতগুলোর সম্ভাবনাকে কাজে লাগানোর প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেন।

ডি-৮ মহাসচিব বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলের ব্যাপারে গভীর আগ্রহ প্রকাশ করেন এবং আইসিটি খাতে এ দেশে যে অগ্রগতি হয়েতে তার ভূয়সী প্রশংসা করেন।

এ দেশের গবেষকরা খরা ও লবণাক্ত সহিষ্ণু ধান উদ্ভাবন করেছে উল্লেখ করে শেখ হাসিনা মহাসচিবকে বাংলাদেশের কৃষি খাতের সাফল্য সম্পর্কে অবহিত করেন।

তিনি আরও বলেন, বাংলাদেশ কৃষি খাতে ডি-৮ দেশগুলোর সঙ্গে অভিজ্ঞতা বিনিময় করতে পারে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ