রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে একসাথে চার সন্তানের জন্ম দিয়েছেন এক মা। এর মধ্যে তিনজন পুত্র এবং একজন কন্যা সন্তান। বর্তমানে চারজনই ভালো থাকলেও মায়ের অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় তাকে পোস্ট অপারেটিভ ওয়ার্ডে রাখা হয়েছে।
মঙ্গলবার (২২ মার্চ) রাত নয়টা ৪০ মিনিটে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগে সিজারের মাধ্যমে সম্পূর্ণ সুস্থ ৪ সন্তানের জন্ম দেন মা আশা বেগম।
কুড়িগ্রাম সদর উপজেলার মনিরুজ্জামান বাঁধন এবং আশা বেগম দম্পতির ঘরে নতুন অতিথি হয়ে এ চার সন্তান পৃথিবীতে এসেছে। অবশ্য আগে থেকেই বিষয়টি জানতেন তারা। সাহস নিয়ে চার সন্তানকে জন্ম দিতে মাসখানেক আগে রংপুরে একটি বাসা ভাড়া নিয়ে চিকিৎসা করাতে থাকেন।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডের নার্স অনিকা ইয়াসমিন জানান, সন্তান চারজনই ভালো আছে। আমরা সব ধরনের সেবা নিশ্চিত করার জন্য কাজ করছি।
হাসপাতালটির কর্তব্যরত ইমার্জেন্সি মেডিকেল অফিসার তাহসিনা বিনতে আবেদ জানান, মা আশা বেগমের অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে। এ কারণে তাকে পোস্ট অপারেটিভ ওয়ার্ডে অবজারভেশনে রাখা হয়েছ হয়েছে। ২৪ ঘণ্টা পর তার শরীরের অবস্থা সম্পর্কে বলা যাবে। বাচ্চারা ভালো আছে। আশা করি মা-ও ভালো থাকবেন। একসাথে চার সন্তানের সিজারের বিষয়টি চ্যালেঞ্জ ছিল। আমাদের চিকিৎসকরা সেটি সুন্দরভাবে করতে পেরেছেন।
বাবা মোহাম্মদ মনিরুজ্জামান বাঁধন জানান, আমরা আল্ট্রাসনোগ্রামের মাধ্যমে জানতে পারি আমার স্ত্রী আশা বেগমের গর্ভে একসাথে চার সন্তান রয়েছে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তার ফৌজিয়া ম্যাডামের অধীনে চিকিৎসা নেই। সন্তান ডেলিভারির দিন এগিয়ে আসায় গত একমাস আগে আমি আমার স্ত্রীকে নিয়ে রংপুরে বাড়ি ভাড়া নেই এবং চিকিৎসকের নিবিড় তত্ত্বাবধানে থাকি। তাদের পরামর্শে মঙ্গলবার হাসপাতালে ভর্তি করি এবং রাত ৯টা ৪০ মিনিটে আমার স্ত্রী একসাথে তিন পুত্র এবং এক কন্যার জন্ম দেন। আমার সন্তানদের এবং ওদের মায়ের জন্য দুআ করবেন। পাশাপাশি সুচিকিৎসা নিশ্চিত করারও দাবি জানান তিনি।











