নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে রাজধানীতে অভিযান চালিয়ে ৪৯ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
মঙ্গলবার (২২ মার্চ) ভোর ৬টা থেকে বুধবার (২৩ মার্চ) ভোর ৬টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, গ্রেফতারের সময় তাদের কাছ থেকে তিন হাজার ১৯০ পিস ইয়াবা, ৬২ গ্রাম (১১০ পুরিয়া) হেরোইন, ৪১ কেজি ৩০ গ্রাম গাঁজা, ৪০টি নেশাজাতীয় ইনজেকশন ও ১৮৩ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।
গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৭টি মামলা হয়েছে।









