spot_img
spot_img

ভারতীয় কোম্পানির সঙ্গে প্রায় ২৫৭ কোটি টাকার চুক্তি বাতিল করলো বাংলাদেশ

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের এক কোম্পানির সঙ্গে প্রায় ২৫৭ কোটি টাকা মূল্যের এক চুক্তি বাতিল করেছে বাংলাদেশ।

শুক্রবার (২৩ মে) ভারতের একাধিক গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা হারানোর এক মাস আগে ভারতের গার্ডেন রিচ শিপবিল্ডার্স এন্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড (জিআরএসই) এর সাথে টাগবোটের জন্য চুক্তি করেছিল বাংলাদেশ নৌবাহিনী।

শনিবার ভারত তাদের স্থলবন্দর দিয়ে বাংলাদেশের তৈরি পোশাকসহ বিভিন্ন পণ্য পরিবহনে নিষেধাজ্ঞা দেয়। এরপরই বাংলাদেশের পক্ষ থেকে নৌবাহিনীর টাগ বোট কেনার ক্রয়াদেশ বাতিলের সিদ্ধান্ত আসল বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।

ভারতের সংবাদমাধ্যম বলছে, চুক্তির আওতায় কলকাতা-ভিত্তিক ওই প্রতিরক্ষা কোম্পানির কাছ থেকে নৌবাহিনীর জন্য ২ কোটি ১০ লাখ ডলারের টাগ বোর্ড কেনার কথা ছিল বাংলাদেশের।

ইন্ডিয়া টুডে’র প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ ‘গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড’ (জিআরএসই) এর সঙ্গে করা ২ কোটি ১০ লাখ ডলারের (প্রায় ১৮০ কোটি টাকা) অর্ডার বাতিল করেছে।

জিআরএসই প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন একটি পাবলিক সেক্টর সংস্থা, যারা নৌযান নির্মাণ ও মেরামতের কাজ করে থাকে। প্রতিষ্ঠানটি ভারতীয় নৌবাহিনী ও কোস্ট গার্ডের জন্য কাজ করে।

স্টক এক্সচেঞ্জে জিআরএসই জানিয়েছে, বাংলাদেশ সরকার অর্ডারটি বাতিল করেছে।

হিন্দু বিজনেস লাইনের প্রতিবেদন অনুযায়ী, দুই পক্ষের আলোচনার পর চুক্তিটি বাতিল হয়েছে।

টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে, জিআরএসই-কে একটি ৮০০ টনের উন্নত মহাসাগরগামী টাগবোট নির্মাণের দায়িত্ব দেওয়া হয়েছিল। জাহাজটি ৬১ মিটার লম্বা, ১৫.৮০ মিটার চওড়া, ৪.৮০ মিটার ড্রাফট ও ৬.৮০ মিটার গভীরতা সম্পন্ন হওয়ার কথা ছিল।

এটি উচ্চ ক্ষমতার টানার ব্যবস্থা নিয়ে তৈরি হতো। এছাড়া জাহাজটির সামনে ৭৬ টন ও পেছনে ৫০ টন বলার্ড পুল ক্ষমতা এবং কমপক্ষে ১৩ নট গতিসম্পন্ন হওয়ার কথা ছিল।

এই জাহাজটির কাজ ছিল দূরপাল্লার টানার কাজ, ডকিং সহযোগিতা, উদ্ধার অভিযান, উদ্ধার কাজ, অগ্নিনির্বাপণ এবং সাগরে সীমিত দূষণ নিয়ন্ত্রণ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ