spot_img
spot_img

ভেনেজুয়েলার তেল আয় দিয়ে ইরান যুদ্ধের খরচ ২৫ বার উঠে এসেছে: ট্রাম্প

ইরানের বিরুদ্ধে চলমান মার্কিন সামরিক অভিযানের পুরো ব্যয় ভেনেজুয়েলা থেকে আহরিত খনিজ তেলের রাজস্ব আয় দিয়ে ২৫ বারের বেশি মিটিয়ে ফেলা সম্ভব হয়েছে বলে দাবি করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এক জনসভায় দেওয়া ভাষণে বিশ্বরাজনীতিতে ইরান ও ভেনেজুয়েলা নিয়ে নিজের প্রশাসনের নেওয়া বিভিন্ন পদক্ষেপের প্রসঙ্গ টেনে তিনি এ দাবি করেন।

মধ্যপ্রাচ্যে ইরানবিরোধী মার্কিন সামরিক অভিযানের বিশাল অর্থনৈতিক ব্যয় নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে যখন ব্যাপক আলোচনা চলছে, তখন ট্রাম্পের এই বক্তব্য সামনে এলো।

বক্তব্য চলাকালে ভেনেজুয়েলায় তার প্রশাসনের আগ্রাসী নীতি ও পদক্ষেপের উদাহরণ টেনে ট্রাম্প বলেন, ‘ভেনেজুয়েলায় আমরা কেমন করেছি? খারাপ না। আমরা ভেনেজুয়েলা থেকে এত বেশি তেল নিয়েছি যে, ইরান যুদ্ধের খরচ প্রায় ২৫ বার উঠে এসেছে।’

তার এই বক্তব্য থেকে স্পষ্ট ইঙ্গিত পাওয়া যায়, ট্রাম্প প্রশাসন ভেনেজুয়েলাকে নিজেদের জ্বালানি কৌশলের অন্যতম প্রধান অংশ হিসেবে ব্যবহার করেছে। একইসঙ্গে দেশটির তেল খাত থেকে বড় ধরনের অর্থনৈতিক মুনাফা লুটে নিয়েছে।

মার্কিন প্রতিরক্ষা সদরদপ্তর পেন্টাগনের চলতি মাসের শুরুর দিকে প্রকাশিত তথ্য অনুযায়ী, ইরানের বিরুদ্ধে আমেরিকার সামরিক অভিযান ও যুদ্ধ পরিচালনায় সরাসরি ব্যয়ের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ২৯ বিলিয়ন মার্কিন ডলার।

তবে বিভিন্ন আন্তর্জাতিক সামরিক ও অর্থনৈতিক বিশ্লেষক পেন্টাগনের এই হিসাব নিয়ে ভিন্ন মত পোষণ করেছেন। তাদের দাবি, মধ্যপ্রাচ্যের এই দীর্ঘমেয়াদি ও ব্যয়বহুল যুদ্ধে ওয়াশিংটনের প্রকৃত সামরিক ব্যয়ের পরিমাণ আনুষ্ঠানিকভাবে ঘোষিত অঙ্কের চেয়েও অনেক বেশি হতে পারে।

ট্রাম্প তার বক্তব্যে ভেনেজুয়েলার তেল উৎপাদন ও রপ্তানি নিয়ন্ত্রণ থেকে আমেরিকার বিশাল আর্থিক সুবিধা পাওয়ার বিষয়টিকে নিজের প্রশাসনের বড় অর্থনৈতিক সাফল্য হিসেবে তুলে ধরেন।

তবে একটি সার্বভৌম দেশের প্রাকৃতিক সম্পদের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে মার্কিন যুদ্ধবিগ্রহের খরচ মেটানোর এই প্রকাশ্য স্বীকারোক্তি বিশ্বরাজনীতিতে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।

সূত্র: মিডল ইস্ট আই

spot_img
spot_img
spot_img

সর্বশেষ