spot_img
spot_img

ওষুধশিল্পে বিদেশি নির্ভরতা থেকে মুক্ত হতে চায় আফগানিস্তান: মাওলানা জালালী

ওষুধশিল্পে বিদেশি নির্ভরতা থেকে বেরিয়ে আসতে দেশীয় উৎপাদন শক্তিশালী করার ওপর গুরুত্ব দিচ্ছে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান। এ লক্ষ্যে দেশটির জনস্বাস্থ্য মন্ত্রণালয় ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান, বেসরকারি হাসপাতাল এবং বিনিয়োগকারীদের সঙ্গে সমন্বয় বাড়ানোর উদ্যোগ নিয়েছে। মন্ত্রণালয়ের মতে, অভ্যন্তরীণ উৎপাদন বাড়ানো গেলে আফগানিস্তান ধীরে ধীরে ওষুধ খাতে স্বনির্ভরতার পথে এগিয়ে যেতে পারবে।

দেশটির জনস্বাস্থ্যমন্ত্রী মাওলানা নূর জালাল জালালী বলেন, ইমারাতে ইসলামিয়া চেষ্টা করছে, যেন আফগানিস্তান ওষুধের ক্ষেত্রে বিদেশি নির্ভরতা থেকে মুক্ত হতে পারে এবং দেশীয় উৎপাদন আরও শক্তিশালী হয়।

জনস্বাস্থ্য মন্ত্রণালয় আয়োজিত চার দিনব্যাপী আবু আলী সিনা আন্তর্জাতিক প্রদর্শনীর সমাপনী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে জনস্বাস্থ্যমন্ত্রী মাওলানা নূর জালাল জালালী দেশের ওষুধশিল্পের উন্নয়ন, দেশীয় উৎপাদনে সহায়তা এবং ওষুধের মানের প্রতি বিশেষ মনোযোগ দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি জাতীয় ও আন্তর্জাতিক ব্যবসায়ীদের আফগানিস্তানের ওষুধ খাতে বিনিয়োগের আহ্বান জানান। তার মতে, দেশে এখন বিনিয়োগের জন্য উপযুক্ত সুযোগ তৈরি হয়েছে।

জনস্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ওষুধশিল্প ও বেসরকারি হাসপাতালের প্রতিনিধিদের দাবি, সমস্যা ও প্রস্তাব শোনা এবং সেগুলোর উপযুক্ত সমাধানের পথ খুঁজে বের করার লক্ষ্যে দ্বিতীয় আবু আলী সিনা আন্তর্জাতিক প্রদর্শনীর আয়োজন করা হয়।

জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের খাদ্য ও ওষুধবিষয়ক উপমন্ত্রী মাওলানা হামদুল্লাহ জাহিদ প্রদর্শনীটি সফলভাবে আয়োজনের জন্য ইমারাতে ইসলামিয়ার কর্মকর্তাদের, অংশগ্রহণকারীদের, বেসরকারি হাসপাতালের দায়িত্বশীলদের এবং ওষুধ উৎপাদনকারী কারখানার প্রতিনিধিদের ধন্যবাদ জানান।

তিনি বলেন, ওষুধের দেশীয় উৎপাদন শক্তিশালী করতে এই প্রদর্শনীর আয়োজন গুরুত্বপূর্ণ ও উপকারী।

উল্লেখ্য, ওষুধ উৎপাদনকারী কারখানা এবং কয়েকটি বেসরকারি হাসপাতালের মধ্যে সহযোগিতার সমঝোতা স্মারক স্বাক্ষরের মধ্য দিয়ে প্রদর্শনীটি শেষ হয়।

সূত্র: আরটিএ

spot_img
spot_img
spot_img

সর্বশেষ