spot_img

সরকার আন্দোলনকে ভয় পায় বলেই নেতাকর্মীদের আটকে রেখে নির্যাতন করছে: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপির আন্দোলনকে সরকার ভয় পায় বলেই নেতাকর্মীদের আটকে রাখা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে। তাই শান্তিপূর্ণ আন্দোলনের মধ্য দিয়ে বর্তমান সরকারকে সরাতে হবে।

শুক্রবার (২৩ জুন) রাজধানীতে জাতীয়তাবাদী শ্রমিক দলের পদযাত্রা কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

বিএনপি মহাসচিব বলেন, বর্তমান সরকার জোর করে ক্ষমতায় টিকে আছে। আবার তারা নির্বাচনের কথা বলছে। নির্বাচন এখন সরকারের খেলায় পরিণত হয়েছে। আওয়ামী লীগের অধীনে কোনোকালেই নির্বাচন সুষ্ঠু হয়নি; আগামী দিনেও হবে না।

মির্জা ফখরুল বলেন, দেশের মানুষেরও সমর্থন নেই তাদের। দেশি-বিদেশি সবাই বলছে সরকারকে এখনই চলে যেতে হবে। তাই শেখ হাসিনাকে পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা দিতে হবে। এই দেশে শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন হবে না, পরিষ্কার কথা।

তিনি বলেন, এমন এমন কথা বলছেন প্রধানমন্ত্রী যা দেশকে বিপদে ফেলছে। শেখ হাসিনা বলছেন, যুক্তরাষ্ট্র তাকে সরাতে চায়। কিন্তু এ ধরনের কথা একজন প্রধানমন্ত্রীর কাছে কেউ আশা করেনি। শেখ হাসিনা বুঝে গেছেন, আন্তর্জাতিক মহল তাকে আর ক্ষমতায় দেখতে চায় না।

তিনি আরও বলেন, দেশের টাকা লুট করে বিদেশে পাচার করেছে সরকার; তারা ব্যাংক লুট করে নিয়েছে; অর্থনীতি ধ্বংস করে দিয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ