দোহায় দুই দেশের নেতাদের বৈঠকের পর হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং গাজ্জায় যুদ্ধবিরতি পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নের আহ্বান জানিয়েছে কাতার ও ফ্রান্স।
বুধবার (২১ অক্টোবর) প্রকাশিত এক যৌথ বিবৃতিতে কাতারের আমীর শেখ তামিম বিন হামাদ আল থানি ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ হরমুজ প্রণালিতে কোনো ধরনের বাধা বা ফি ছাড়া অবাধে চলাচলের সুযোগ পুনর্বহালের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
কাতারের মধ্যস্থতাকারী ইব্রাহিম বিন সুলতান আল হাশমি মঙ্গলবার জানিয়েছেন, আঞ্চলিক উত্তেজনা কমানো এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার লক্ষ্যে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বুধবার বলেছেন, কূটনীতিকে আরেকটি সুযোগ দিতে ইরান প্রস্তুত রয়েছে।
যৌথ বিবৃতিতে অঞ্চলের বিভিন্ন দেশের বিরুদ্ধে ইরানের সামরিক হামলার নিন্দা জানানো হয়েছে। এসব হামলাকে আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন হিসেবে উল্লেখ করা হয়েছে।
বিবৃতিতে গাজ্জায় যুদ্ধবিরতি পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন, সম্মত ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য রেখে দখলদার অবৈধ রাষ্ট্র ইসরাইলি বাহিনী প্রত্যাহার এবং গাজ্জায় জরুরি, নিরাপদ ও বাধাহীনভাবে মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
কাতার ও ফ্রান্স দখলকৃত পশ্চিম তীরকে ইসরাইলের সঙ্গে সংযুক্ত করার বিরোধিতা করেছে। একইসঙ্গে ইসরাইলি বসতি সম্প্রসারণ ও বসতি স্থাপনকারীদের সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছে তারা। দুই দেশ দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের প্রতি তাদের সমর্থন পুনর্ব্যক্ত করেছে।
লেবাননের বিষয়ে দুই দেশ দেশটির সার্বভৌমত্ব ও স্থিতিশীলতা জোরদারের গুরুত্ব তুলে ধরেছে। একইসঙ্গে হিজবুল্লাহকে নিরস্ত্র করা এবং সংশ্লিষ্ট চুক্তিগুলোর সঙ্গে সামঞ্জস্য রেখে ইসরাইলি বাহিনীকে পুরোপুরি প্রত্যাহার নিশ্চিত করার ওপর জোর দিয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, সিরিয়ায় স্থিতিশীলতা ও অর্থনৈতিক পুনর্গঠনে সহায়তা করতে কাতার ও ফ্রান্স সিরিয়ার কর্তৃপক্ষের সঙ্গে কাজ করতে প্রস্তুত রয়েছে।
দুই নেতা প্রতিরক্ষা, নিরাপত্তা, জ্বালানি ও অর্থনৈতিক বিষয়ে দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণের ওপরও জোর দিয়েছেন।
সূত্র : আল-জাজিরা, পাজওয়াক আফগান নিউজ











