দখলদার অবৈধ রাষ্ট্র ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ৭৭তম জন্মদিন উদযাপনের যাত্রাপথে কুদসের মাহানে ইহুদা বাজারের কাছে তার গাড়িবহর লক্ষ্য করে কাঁচের বোতল নিক্ষেপ করা হয়েছে। একই সময়ে ৭ অক্টোবরের হামলায় নিহত ও জিম্মি হওয়া ব্যক্তিদের পরিবারের সদস্যরা নেতানিয়াহুর পদত্যাগের দাবি জানিয়েছেন।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে এ ঘটনা ঘটে। কাঁচের বোতল নিক্ষেপের পরও নেতানিয়াহুর গাড়িবহর না থেমে চলে যায়। পরে নিরাপত্তারক্ষীরা ব্যারিকেড ডিঙিয়ে অভিযুক্ত ব্যক্তিকে খুঁজে বের করার চেষ্টা করেন।
দ্য জেরুজালেম পোস্টের তথ্যমতে, নেতানিয়াহু ও তার স্ত্রী সারা মাহানে ইহুদা বাজারে পৌঁছালে লিকুদ দলের সমর্থকেরা তাদের স্বাগত জানান। এর আগে তেল আবিবের হাতিকভা বাজার সফরের সময় নেতানিয়াহু তীব্র ক্ষোভের মুখে পড়েন।
সেখানে এক ব্যক্তি হামাসকে অর্থ দেওয়ার বিষয়ে প্রশ্ন তুলে নেতানিয়াহুর ভিডিও ধারণ করতে গেলে লিকুদ সমর্থকেরা তার ফোন ফেলে দেন এবং তার সঙ্গে ধাক্কাধাক্কি করেন।
ওই প্রতিবাদে ৭ অক্টোবরের হামলায় নিহত ও জিম্মি হওয়া ব্যক্তিদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। নিহত জিম্মি গায় ইলুজের বাবা মিশেল ইলুজ, কারমেল গেটের কাজিন গিল দিকমান এবং জিম্মি মাতান জাঙ্গাউকারের মা আইনাব জাঙ্গাউকার সেখানে উপস্থিত হয়ে ৭ অক্টোবরের ব্যর্থতার দায় নিয়ে নেতানিয়াহুকে পদত্যাগের আহ্বান জানান।
আইনাব জাঙ্গাউকার জানান, তাদের সঙ্গে চরম দুর্ব্যবহার করা হয়েছে। তাদের ওপর থুথু ফেলা হয়েছে এবং সবজি ছুড়ে মারা হয়েছে। পরে পুলিশ তাদের সেখান থেকে সরিয়ে দেয়।
জিম্মি হয়ে মারা যাওয়া গায় ইলুজের বাবা মিশেল ইলুজ এ হামলার তীব্র নিন্দা জানান। একই সঙ্গে তিনি আগামী নির্বাচনে নাগরিকদের সঠিক সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান।











