ইরানের যুদ্ধ বন্ধ করাকে দ্রুত অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাটিক নেতা হাকিম জেফরিস। একই সঙ্গে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় আমেরিকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করার আহ্বান জানিয়ে গাজ্জায় ধ্বংসযজ্ঞকে ‘অগ্রহণযোগ্য’ বলে আখ্যা দিয়েছেন তিনি।
শনিবার (২১ নভেম্বর) দ্য নিউইয়র্ক টাইমস-এ প্রকাশিত এক সাক্ষাৎকারে জেফরিস বলেন, আগামী জানুয়ারিতে প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ নেওয়ার পরপরই ডেমোক্র্যাটরা তিনি যাকে ‘বেপরোয়া ও ব্যয়বহুল ইচ্ছাকৃত যুদ্ধ’ বলে বর্ণনা করেছেন, তা বন্ধ করতে জোরালো উদ্যোগ নেবেন।
তিনি বলেন, আমেরিকার জনগণকে অর্থনৈতিক স্বস্তি দেওয়ার ক্ষেত্রে এই সংঘাত বন্ধ করার চেয়ে তাৎক্ষণিকভাবে কার্যকর আর কোনো পদক্ষেপ সম্ভবত নেই। এই যুদ্ধ শুরুই হওয়া উচিত ছিল না।
জেফরিসের মতে, যুদ্ধের আগে ইরানের তুলনায় এখন দেশটি আরও শক্তিশালী অবস্থানে রয়েছে। তিনি সতর্ক করে বলেন, এই সংঘাত ইতোমধ্যে অস্থিতিশীল আঞ্চলিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
তিনি আরও বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চাইলে এখনই যুদ্ধ বন্ধ করতে পারেন। যুদ্ধ বন্ধ নিশ্চিত করতে কংগ্রেসের ব্যয়সংক্রান্ত আইন প্রণয়নের মাধ্যমে কীভাবে উদ্যোগ নেওয়া যায়, তা নিয়েও ডেমোক্র্যাটরা আলোচনা করছেন।
ফিলিস্তিন প্রসঙ্গে জেফরিস দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের দিকে নতুন করে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। তার প্রস্তাবিত সমাধানে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের পাশাপাশি নিরাপদ ইসরাইল থাকবে।
সংবাদপত্রটিকে তিনি বলেন, গাজ্জায় ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের যে মৃত্যু, ধ্বংসযজ্ঞ ও বিপর্যয়ের মধ্য দিয়ে যেতে হয়েছে, তা অগ্রহণযোগ্য, টেকসই নয় এবং আমেরিকান মূল্যবোধের পরিপন্থী।
তিনি চিকিৎসাসামগ্রী, আবাসন সহায়তা, বিশুদ্ধ পানি এবং জীবনযাত্রার উন্নত পরিবেশ নিশ্চিত করাসহ মানবিক সহায়তা বাড়ানোর আহ্বান জানান।
অধিকৃত পশ্চিম তীরে দখলদারদের সহিংসতা মোকাবিলায় আইন প্রণয়নকেও তিনি নতুন কংগ্রেসের প্রথম দিকের অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেছেন। নতুন কংগ্রেসের প্রথম ১০০ দিনের মধ্যে প্রতিনিধি পরিষদে ‘ওয়েস্ট ব্যাংক সেটলার ভায়োলেন্স প্রোটেকশন অ্যান্ড প্রিভেনশন অ্যাক্ট’ এগিয়ে নিতে চান বলেও জানান তিনি।
সূত্র: আনাদোলু এজেন্সি











