spot_img
spot_img

চাকরির ইন্টারভিউ দিতে এসে টঙ্গীতে নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রী আটক

গাজীপুরের টঙ্গীতে চাকরির ইন্টারভিউ দিতে এসে আটক হয়েছেন কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেত্রী তানিয়া আক্তার তাপসী।

রোববার (২২ নভেম্বর) সন্ধ্যার পর টঙ্গীবাজার সেনাকল্যাণ কমার্সিয়াল কমপ্লেক্সের সামনে থেকে তাকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেন স্থানীয় বিএনপি ও ছাত্রদলের নেত্রীরা।

তানিয়া আক্তার তাপসী ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির উপ-প্রশিক্ষণবিষয়ক সম্পাদক ছিলেন। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হল শাখার সাধারণ সম্পাদক পদপ্রার্থী ছিলেন তিনি।

সম্প্রতি গোপালগঞ্জের ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে হকিস্টিক হাতে নিজের একটি ছবি পোস্ট করে আলোচনায় আসেন তাপসী। ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যায় টঙ্গী সেনাকল্যাণ কমার্সিয়াল কমপ্লেক্সের সামনে চাকরির ইন্টারভিউ দিতে এলে স্থানীয় বিএনপি ও ছাত্রদলের নেত্রীরা তাকে শনাক্ত করেন। পরে তারা তাপসীকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।

এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার ওসি আরিফুর রহমান বলেন, রোববার টঙ্গী কমার্সিয়াল কমপ্লেক্সে ইউএস বাংলা নামে একটি প্রতিষ্ঠানের চাকরির ইন্টারভিউ দিতে আসেন তানিয়া আক্তার তাপসী। এ সময় উপস্থিত স্থানীয় বিএনপি ও ছাত্রদলের নেত্রীরা তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন।

তিনি জানান, তাপসী ঢাকা বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক ছাত্ররাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে কতটি মামলা রয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ