জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর উত্তরা এলাকায় মাদ্রাসাছাত্র সাদিকুল ইসলাম হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী ও নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা নুরুল ইসলাম নাহিদের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
সোমবার (২৩ নভেম্বর) ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম সেফাতুল্লাহ শুনানি শেষে এ আদেশ দেন। বিষয়টি জানিয়েছেন প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) হেলাল উদ্দিন।
নাহিদের পক্ষে আইনজীবী সাথী সাহা জামিন আবেদন করে শুনানি করেন। শুনানিতে তিনি বলেন, মামলার ঘটনার অনেক আগেই নাহিদ রাজনীতি ও সব ধরনের পেশা থেকে অবসর নিয়েছেন। রাজপথে মিছিল করা কিংবা নেতৃত্ব দেওয়ার মতো বয়স ও ধৈর্য তাঁর নেই।
আইনজীবী বলেন, তিনি অসুস্থ, বয়স্ক মানুষ। তাঁর জামিন প্রার্থনা করছি। জামিন দিলে তিনি পলাতক হবেন না।
অন্যদিকে রাষ্ট্রপক্ষে কৌঁসুলি মুহাম্মদ শামছুদ্দোহা সুমন জামিন আবেদনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করেন।
এর আগে ১৮ নভেম্বর দিবাগত রাত ২টার দিকে রাজধানীর উত্তরা ১৩ নম্বর সেক্টরের একটি বাসা থেকে নুরুল ইসলাম নাহিদকে গ্রেফতার করা হয়। পরে তাঁকে সাদিকুল ইসলাম হত্যা মামলায় কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই উত্তরা পশ্চিম থানা এলাকায় আন্দোলনে অংশ নেন মাদ্রাসাছাত্র সাদিকুল ইসলাম। ওই দিন বিকেল ৩টার দিকে নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা আন্দোলনকারীদের ওপর হামলা চালান। তাঁরা আন্দোলনকারীদের ধাওয়া করে এলোপাতাড়ি মারধরের পাশাপাশি গুলি চালান। এতে সাদিকুলের পেটে গুলি লাগে।
পরে তাঁকে উদ্ধার করে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২০ জুলাই তাঁর মৃত্যু হয়।
এ ঘটনায় ২০২৪ সালের ১৫ সেপ্টেম্বর আশরাফ সিদ্দিকী বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় হত্যা মামলা করেন।











