সিলেবাস থেকে ইসলামী শিক্ষা বাদ দিয়ে ধর্মহীন জাতি গঠনের চক্রান্ত চলছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী।
বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সকালে পুরানা পল্টনস্থ আইএবি মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় মুক্তিযুদ্ধ বিষয়ক বিভাগের উদ্যোগে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে মুক্তিযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মাওলানা মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী বলেন, মুক্তিযুদ্ধ ও ইসলামকে মুখোমুখি দাঁড় করিয়ে ইসলামী তাহযীব-তামাদ্দুনকে ধ্বংসের চেষ্টা করা হচ্ছে। সিলেবাস থেকে ইসলামী শিক্ষা বাদ দেওয়া হয়েছে। ধর্মহীন জাতি গঠনের চক্রান্ত চলছে।
মাওলানা মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী আরও বলেন, মুক্তিযুদ্ধ ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের লড়াই। সন্ত্রাস, দুর্নীতি, দস্যুতামুক্ত দেশ গড়ার লক্ষে যুদ্ধ হয়েছিল। ৩০ লক্ষ শহীদের ত্যাগের বিনিময়ে স্বাধীনতা পাওয়ার ৫০ বছর পেরিয়ে গেলেও মুক্তিযুদ্ধের পক্ষ নামীয় সরকার প্রকৃত মুক্তিযোদ্ধাদের একটি স্বচ্ছ তালিকা তৈরিতে ব্যর্থ হয়েছে। ভোট ডাকাতির সরকার ক্ষমতাকে কুক্ষিগত করার চেষ্টা করছে।
এতে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী রেজাউল করীম চরমোনাই পীর, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল অব. সৈয়দ মুহাম্মাদ ইবরাহীম, ইসলামী আন্দোলনের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, সহকারী মহাসচিব মাওলানা ইমতিয়াজ আলম প্রমুখ।










