অবরুদ্ধ গাজ্জা উপত্যকায় গণহত্যামূলক যুদ্ধ চালিয়ে মধ্যপ্রাচ্যের শান্তি ও ভবিষ্যৎ নিরাপত্তা ধ্বংস করছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল বলে দাবি করেছেন জর্দানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান আল সাফাদি।
বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের এক বৈঠকের ফাঁকে আরব পররাষ্ট্রমন্ত্রীদের সাথে গাজ্জার পরিস্থিতি নিয়ে বৈঠকে এসব কথা বলেন তিনি।
আল সাফাদি বলেন, এই অঞ্চলের নিরাপত্তার বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের একটি বড় ভূমিকা রয়েছে।গাজ্জায় একটি যুদ্ধবিরতি অর্জনের মাধ্যমে উত্তেজনা শেষ করতে সংস্থাটির সাথে কাজ করতে প্রস্তুত জর্দান।
তিনি বলেন, “এই মুহূর্তে একটি স্পষ্ট সংলাপে বসা প্রয়োজন। যার মাধ্যমে আমরা একটি সমাধানে পৌঁছাতে পারবো। কারণ গাজ্জায় ইসরাইলের দ্বারা আরো বেশি হত্যাকাণ্ড শুধুমাত্র এই অঞ্চল নয় বরং, আন্তর্জাতিক নিরাপত্তা ও শান্তি নষ্ট করবে। আর তাই একটি যুদ্ধ বিরতিতে পৌঁছানোর জন্য একত্রে কাজ করতে চাই আমরা।”
জর্দানের এই শীর্ষ কূটনীতিকের মতে, ফিলিস্তিনিদের দুর্দশা অবসানের একমাত্র সমাধান হলো জাতিসংঘের রেজুলেশন অনুযায়ী একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠন করা।
সূত্র: মিডল ইস্ট মনিটর











