রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রতিবেশী দেশ ইউক্রেনের দোনবাস অঞ্চলে সামরিক অভিযানের ঘোষণা দিয়েছেন। কিছুক্ষণ আগে তিনি এই ঘোষণা দেন। এদিকে পুতিনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন।
তিনি ইউক্রেনে সামরিক অভিযানকে করেছেন, ‘রাশিয়ার সামরিক বাহিনীর অনাকাঙ্খিত এবং অযৌক্তিক আক্রমণ’ বলে।
বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, প্রেসিডেন্ট পুতিন একটি পূর্বপরিকল্পিত যুদ্ধ বেছে নিয়েছেন। এটি কেবল বিপর্যয়কর জীবনহানি এবং মানুষের দুর্ভোগই সৃষ্টি করবে। ইউক্রেনের মানুষের পক্ষে সারা বিশ্বের প্রার্থনা রয়েছে।’
ডেমোক্র্যাটিক এই প্রেসিডেন্ট আরও বলেন, এই হামলায় যে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হবে তার দায় রাশিয়ার একার। যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশ এবং অংশীদাররা ঐক্যবদ্ধ ও কঠোরভাবে এই হামলার জবাব দেবে। বিশ্ব রাশিয়াকে জবাবদিহি করবে।
এই হামলার ফলাফল স্বরূপ রাশিয়াকে যে পরিণতি ভোগ করতে হবে সে বিষয়ে বৃহস্পতিবার মার্কিনিদের উদ্দেশে ভাষণ দেবেন বলেও জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন।
তিনি জানিয়েছেন, হোয়াইট হাউসে বসে তিনি ইউক্রেনের পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং রাশিয়ার বিরুদ্ধে আরও পদক্ষেপ ঘোষণার আগে বৃহস্পতিবার সকালে জি৭ নেতাদের সঙ্গে বৈঠক করবেন তিনি।











