spot_img

সরকারের বিরুদ্ধে যুগপৎ আন্দোলন হবে: অলি আহমদ

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি ড. কর্নেল (অব.) অলি আহমদ বলেছেন, সরকারবিরোধী সমমনা দলগুলোর অংশগ্রহণে বৃহৎ রাজনৈতিক ঐক্য হচ্ছে। সামনে কর্মসূচি আসছে। মার্চের মধ্যে প্রক্রিয়া সম্পন্ন হবে। রাজনৈতিক দল ও নেতৃবৃন্দ যার যার অবস্থান থেকে এতে অংশগ্রহণ করবেন। সরকারের বিরুদ্ধে যুগপৎ আন্দোলন হবে।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) রাজধানীর মহাখালীর ডিওএইচএসের নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

অলি আহমদ বলেন, সরকার এত অপকর্ম করেছে যে নিজের পাপের ভারে নিজেই এখন মাটিতে লুটিয়ে পড়বে। কারণ পাপ কখনো বাপকেও ছাড়ে না। পাপের প্রায়শ্চিত্ত করতেই হবে।

তিনি বলেন, ২০১৮ সালের নির্বাচনকে কেন্দ্র করে জোটের মধ্যে অনেক ভুল-বোঝাবুঝির সৃষ্টি হয়েছিল। বিশেষ করে এলডিপির সঙ্গে। আমরা জাতীয় ঐক্যফ্রন্টকে সমর্থন করিনি। কারণ আমরা জানতে পেরেছিলাম, ড. কামাল হোসেনের জাতীয় ঐক্যফ্রন্ট আর অধ্যাপক ডা. বদরুদ্দোজা চৌধুরীর যুক্তফ্রন্ট আওয়ামী লীগের পক্ষে কাজ করেছিল। পরবর্তীতে যা সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়।

এলডিপির সভাপতি বলেন, তা ছাড়া ২০১৮ সালের নির্বাচনের পর বিএনপিও একলা চলো নীতি অবলম্বন করে। এখন তারা অনুধাবন করছে, এ সরকারকে ক্ষমতাচ্যুত করতে হলে গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল ও জাতীয়ভাবে গ্রহণযোগ্য নেতাদের ঐক্যবদ্ধ করতে হবে। সে লক্ষ্যে বিএনপি এখন বিভিন্ন দল ও নেতাদের সঙ্গে যোগাযোগ শুরু করেছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ