মিয়ানমারে নিরাপত্তা বাহিনীর গুলিতে খিন মিও চিত নামের সাতবছরের এক কন্যা শিশু নিহত হয়েছে। গতমাসের সেনা অভ্যুত্থানের পর থেকে এ পর্যন্ত জানা-শোনার মধ্যে এটিই সবচেয়ে কম বয়সী ভুক্তভোগী। শিশুটি বুলেটের ক্ষতের কারণেই মারা গেছে বলে জানা গেছে।
স্থানীয় সংবাদমাধ্যম মিয়ানমার নাও এক প্রতিবেদনে বলছে, সেনারা মেয়েটির বাবাকে উদ্দেশ্য করে গুলি ছোড়েছিলেন। কিন্তু সেটি তার পরিবর্তে ওই শিশুটিকে আঘাত করে। বাড়ির ভেতরে বাবার কোলে বসে ছিল শিশুটি।
মেয়েটির পরিবারের সদস্যরা বলছেন, মেয়েটির ১৯ বছর বয়সী ভাইকেও আটক করা হয়েছে। অবশ্য এখনও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি সামরিক বাহিনী।
একটি বিবৃতিতে অধিকার রক্ষা সংস্থা সেভ দ্য চিলড্রেন বলছে, ওই মেয়েটির মৃত্যুতে তারা আতঙ্কিত। এ ঘটনাটি মান্দালয়ে ১৪ বছর বয়সী আরেক শিশু মারা যাওয়ার পরদিনই ঘটল।
অং সান সু চির নেতৃত্বে নির্বাচিত সরকারকে গত ১ ফেব্রুয়ারি ক্ষমতাচ্যুত করার পর মিয়ানমার চরম সংকটের মধ্যে পড়েছে। প্রায় ১০ বছরের অস্থায়ী গণতান্ত্রিক সংস্কারের অবসান ঘটিয়ে ক্ষমতা দখলে নিয়েছে দেশটির সামরিক বাহিনী।











