বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানমালায় অংশ নিতে ভারতের বিজেপি সরকারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরকে স্বাগত জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মুহাম্মাদ কাদের।
বুধবার (২৪ মার্চ) এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি নরেন্দ্র মোদিকে স্বাগত জানান।
গোলাম মুহাম্মাদ কাদের বলেন, অনেক ত্যাগ-তিতিক্ষা এবং রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার এ সুবর্ণজয়ন্তীতে বাংলাদেশের আপামর মানুষের সঙ্গে একাত্মতা প্রকাশ করতে ভারতের প্রধানমন্ত্রী আমাদের মাঝে এসে দেশবাসীকে আবারও কৃতজ্ঞতাপাশে আবদ্ধ করবেন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারতের অবদান এ দেশের মানুষ চিরদিন কৃতজ্ঞতার সঙ্গেই স্মরণ করবে।
তিনি বলেন, ভারত শুধু একটি বন্ধুপ্রতীম রাষ্ট্রই নয়, ওই দেশের জনগণের সঙ্গে রয়েছে এ দেশের জনগণের গভীর আত্মিক সম্পর্ক। আমরা ভারতের সঙ্গে সবসময় সুপ্রতিবেশীসুলভ আচরণ করে আসছি।
তিনি আরো বলেন, এ বন্ধন আগামীতে আরও সুদৃঢ় হবে। বিশেষ করে আমাদের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উৎসবে এ দেশের জনগণের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর অংশ দিলে দু’দেশের মধ্যে বিদ্যমান গভীর সম্পর্ক আরও জোরদার হবে।











