নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে দিল্লির জন্তরমন্তরে টানা বিক্ষোভ চালিয়ে যাওয়া ‘ককরোচ জনতা পার্টি’র (সিজেপি) আন্দোলনকারীদের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন জম্মু ও কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি।
বৃহস্পতিবার (২৩ জুলাই) আন্দোলনস্থলে উপস্থিত হয়ে তিনি এ বিক্ষোভকে কেবল চাকরির দাবি নয়, বরং দেশের সংবিধান ও গণতন্ত্র রক্ষার একটি গুরুত্বপূর্ণ লড়াই হিসেবে বর্ণনা করেন।
জন্তরমন্তরে আন্দোলনরত তরুণদের উদ্দেশে দেওয়া বক্তব্যে মেহবুবা মুফতি তাদের সাহসিকতার প্রশংসা করেন। তিনি বলেন, নিয়োগপ্রক্রিয়ায় স্বচ্ছতা ও ন্যায়বিচারের দাবিতে প্রতিকূল আবহাওয়া এবং কঠিন পরিস্থিতি উপেক্ষা করে তরুণ প্রজন্ম যেভাবে প্রতিবাদ চালিয়ে যাচ্ছে, তা অত্যন্ত প্রশংসনীয়।
তিনি আশা প্রকাশ করেন, আন্দোলনকারীদের এই অনমনীয় সংগ্রাম ভবিষ্যতে দুর্নীতি, প্রশ্নপত্র ফাঁস এবং অন্যান্য অন্যায়ের বিরুদ্ধে একটি শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলবে।
উল্লেখ্য, নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জবাবদিহি নিশ্চিত করা এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগসহ একাধিক দাবিতে সিজেপির নেতৃত্বে গত মাস থেকে দিল্লির জন্তরমন্তরে অবস্থান কর্মসূচি পালন করছেন আন্দোলনকারীরা।
সূত্র: দ্য হিন্দু










