করোনা প্রতিরোধে গণটিকা কর্মসূচি আর হচ্ছে না, স্বাস্থ্যমন্ত্রীর এমন ঘোষণায় সাধারণ মানুষের মাঝে হতাশা ছড়িয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মুহাম্মাদ কাদের।
তিনি বলেন, টিকা কর্মসূচিতে পিছিয়ে পড়া বাংলাদেশে গণটিকা কর্মসূচি বন্ধ নয়, আরও জোরদার করতে হবে।
মঙ্গলবার (২৪ আগস্ট) এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
জিএম কাদের বলেন, গণটিকা কর্মসূচিতে বিশৃঙ্খল পরিবেশ ছিলো কিন্তু প্রতিদিন লাখ লাখ সাধারণ মানুষ টিকা পেয়েছে। তবে আমরা আশা করছি, সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করে আবারও গণটিকা কর্মসূচি চালু করতে হবে।
জিএম কাদের আরও বলেন, গণটিকা কর্মসূচি বাস্তবায়ন করে সারা পৃথিবী যখন জীবন যাত্রা স্বাভাবিক করে ফেলেছে, তখনো বাংলাদেশের নাম বিশ্বের মধ্যে টিকা প্রয়োগে পিছিয়ে পড়া দেশের তালিকায়। দুঃখজনক সত্য হচ্ছে, এশিয়ার মধ্যেও করোনা টিকা প্রয়োগে বাংলাদেশ পিছিয়ে। তাই করোনা প্রতিরোধে গণটিকা কর্মসূচির বিকল্প নেই।











