কুড়িগ্রামের উলিপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও অফিস সহায়ককে রংপুরে দেশীয় মদসহ আটক করেছে র্যাব-১৩।
শনিবার (২৩ অক্টোবর) দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
জানা যায়, গত শুক্রবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে রংপুর নগরীর শাপলা চত্ত্বর এলাকায় র্যাবের একটি দল অভিযান চালায়। এ সময় ১২ বোতল দেশীয় মদসহ মশিউর রহমান ও তার সহযোগী রাসেল মিয়াকে আটক করা হয়।
র্যাব জানায়, মশিউর রহমান নিজেকে উলিপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও রাসেল ওই অফিসের সহায়ক (পিয়ন) হিসেবে পরিচয় দেয়। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে রংপুর কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়।
কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রশিদ জানান, শনিবার দুপুরে মাদকসহ আটককৃত দুই আসামিকে জেলহাজতে পাঠানো হয়েছে।











