গাজীপুরের কাশিমপুরে একটি পোশাক কারখানার গোডাউনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে। এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
শনিবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে গাজীপুর মহানগরীর কাশিমপুর থানার শৈলান এলাকায় সুপ্রিম গার্মেন্টসের কার্টন কারখানায় এ আগুন লাগে।
কাশিমপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা আরিফুল ইসলাম জানান, সকাল সাড়ে ১০টার দিকে আগুন লাগার খবর পেয়ে কাশিমপুর মিনি ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আগুনের ভয়াবহতা বাড়লে সারাবো ফায়ার সার্ভিস স্টেশনের আরও তিনটি ইউনিট ঘটনাস্থলে যোগ দেয়। বর্তমানে পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
তিনি আরও বলেন, আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। কারখানার ভেতরে প্রচুর খালি কার্টন থাকায় আগুনের ভয়াবহতা বেড়েছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।











