spot_img
spot_img

এক সপ্তাহে ২১৩টি নাশকতা চালিয়েছে নিষিদ্ধ আওয়ামী লীগ: ডা. জাহেদ

এক সপ্তাহে ২১৩টি নাশকতামূলক ঘটনা ঘটিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। এর মধ্যে ১২১টি ককটেল বিস্ফোরণ ও ৯৯টি গণপরিবহনে অগ্নিসংযোগের ঘটনা রয়েছে। পাশাপাশি গ্রামীণ ব্যাংকের ৭২টি শাখায় হামলা হয়েছে বলে জানান তিনি।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সচিবালয়ে সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা।

তিনি বলেন, এক সপ্তাহে ১২১টি ককটেল বিস্ফোরণ ও ৯৯টি গণপরিবহনে আগুন দেওয়া হয়েছে। পাশাপাশি গ্রামীণ ব্যাংকের ৭২টি শাখায় হামলার ঘটনা ঘটেছে।

নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে ডা. জাহেদ উর রহমান বলেন, শেখ হাসিনা বাংলাদেশ বিমানে আসতে চান। ভাগ্যিস, তিনি বলছেন না যে আসার পর তাকে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব দিতে হবে। ভারতের কেউ কেউ বলেন, তিনি নাকি এখনো প্রধানমন্ত্রী।

তিনি বলেন, মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত হয়ে শেখ হাসিনার মৃত্যুদণ্ড হয়েছে। ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ সেই রায় কার্যকরের অপেক্ষায় রয়েছে। তিনি যে রাষ্ট্রে পালিয়ে আছেন, সেই রাষ্ট্রের কাছে তাকে বাংলাদেশের হাতে হস্তান্তরের আবেদন জানানো হয়েছে।

তিনি আরও বলেন, হস্তান্তর করা হলে তাকে বাংলাদেশ বিমানে আনা হবে, নাকি তিনি তাদের বিমানে আসবেন, তা পরবর্তী সময়ে নির্ধারিত হবে। এ বিষয়ে সরকারের বক্তব্য এইটুকুই।

এদিকে নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে অগ্নিসংযোগ ও নির্যাতনের অভিযোগ এবং এ নিয়ে ভারতের গণমাধ্যমে প্রকাশিত খবরের বিষয়ে কথা বলেন ডা. জাহেদ উর রহমান।

তিনি বলেন, নড়াইলে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা প্রসঙ্গে ভারতের গণমাধ্যমে ব্যাপক অপতথ্য ছড়ানো হচ্ছে। ৫ আগস্টের পর থেকে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের মানুষ ব্যাপক হত্যা ও নির্যাতনের শিকার হচ্ছেন, এমন দাবি করে ভারতের মূলধারার গণমাধ্যমে বিভিন্ন সময় অপতথ্য প্রচার করা হয়েছে। বাংলাদেশের বিভিন্ন সংবাদমাধ্যম এসব তথ্য খণ্ডন করেছে বলেও উল্লেখ করেন তিনি।

এ ধরনের অপতথ্য প্রচার থেকে বিরত থাকতে ভারত সরকার ও দেশটির গণমাধ্যমের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা। তার মতে, এ ধরনের অপতথ্য প্রচার দুই দেশের সম্পর্কের জন্য ইতিবাচক নয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ