spot_img
spot_img

নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসবাদ মোকাবিলা করতে হবে: হাসনাত আবদুল্লাহ

পতিত ও নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড মোকাবিলা করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।

তিনি বলেন, বাসে আগুন দেওয়া থেকে শুরু করে বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডের পাশাপাশি ভিডিও তৈরির জন্য নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজন এখন ছোটখাটো কনটেন্ট ক্রিয়েটরে পরিণত হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ের আড়ং প্রান্তে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য প্রতিরোধে মোটরসাইকেল র‍্যালি শুরুর আগে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, একধরনের গোপন বা হিডেন কনটেন্ট ক্রিয়েটর হয়ে তারা ভিডিও তৈরি করছে। খুব নিচু স্বরে ‘জয় বাংলা’ বলছে এবং এসব ভিডিও বিদেশে ছড়িয়ে দিচ্ছে। এটি এক ধরনের মেসেজিং কার্যক্রমে পরিণত হয়েছে।

তিনি বলেন, আমরা একটি বিষয় নিশ্চিত করতে চাই, ৫ আগস্ট নিষিদ্ধ আওয়ামী লীগের বিষয়ে চূড়ান্ত ফয়সালা হয়ে গেছে। এখন তারা যেসব কার্যক্রম চালাচ্ছে, সেগুলোর মধ্য দিয়ে বাংলাদেশে আওয়ামী লীগের পুনর্বাসন তো দূরের কথা, বরং দলটি যে কতটা ফ্যাসিবাদী ও গণবিচ্ছিন্ন শক্তি, সেটিই বারবার প্রমাণিত হচ্ছে।

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ নেত্রী হাসিনার দেশে ফেরার প্রসঙ্গে হাসনাত আবদুল্লাহ বলেন, উনি সারাজীবন বলে এসেছেন, পালিয়ে যাবেন না, পালিয়ে যাবেন না। কিন্তু শেষ পর্যন্ত চলে গেছেন। যিনি আসি আসি বলেও আসেন না, তিনি আসবেন না। তবে আমরা চাই, উনি ফিরে আসুক। ফিরে এলে তার জন্য ফাঁসির মঞ্চ প্রস্তুত রয়েছে।

তিনি বলেন, সবকিছু মিলিয়ে কোনো উপায় না পেয়ে এখন বাংলাদেশের পরিস্থিতি ঘোলাটে করার এক ধরনের চেষ্টা চলছে। এ বিষয়ে আমাদের অবস্থান স্পষ্ট। ভারতকে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হস্তান্তর করতে হবে। তার বিরুদ্ধে যে বিচারের রায় হয়েছে, তা দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়ন করতে হবে। পাশাপাশি আমাদের পাঁচ দফা দাবি আদায়েও সারা দেশে কর্মসূচি চলমান রয়েছে।

তিনি আরও বলেন, আগুন সন্ত্রাস এবং মানুষের জানমালের নিরাপত্তা বিঘ্নিত করার যে কার্যক্রম চলছে, এটি নিষিদ্ধ আওয়ামী লীগের একটি অভ্যাসগত সন্ত্রাসী কর্মকাণ্ড। এটি তাদের স্বভাব ও চরিত্রের মধ্যে রয়েছে। এই চরিত্রের বহিঃপ্রকাশ তারা দেশে-বিদেশে সব জায়গায় ঘটাচ্ছে।

হাসনাত আবদুল্লাহ বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ডের আন্তর্জাতিক যে মাত্রা, সেটিও নিষিদ্ধ আওয়ামী লীগের মধ্য দিয়ে প্রকাশ পেয়েছে। আপনারা দেখেছেন, বাংলাদেশে তারা যেভাবে সন্ত্রাসী কার্যক্রম চালায়, একই ধরনের কর্মকাণ্ড আমরা আমেরিকা ও বৃটেনেও দেখেছি। আর এই আগুন সন্ত্রাসের মদদদাতা হচ্ছে সরাসরি ভারত। আপনারা দেখুন, ভারতের ভূমি ব্যবহার করে, ভারত থেকে এবং ভারতে প্রশিক্ষণ নিয়ে তারা বাংলাদেশে এসে সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে। আবার সীমান্ত অতিক্রম করে ভারতে ফিরে যাচ্ছে। আন্তসীমান্ত সন্ত্রাসবাদকে প্রশ্রয় দিচ্ছে ভারত। এ জায়গা থেকে আমাদের বার্তা স্পষ্ট।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ