প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন বলেছেন, শেখ হাসিনাকে ফাঁসির কাষ্ঠে ঝোলানোর জন্য বাংলাদেশের কাছে হস্তান্তর করতে ভারত বাধ্য থাকবে। এ বিষয়ে সরকারের পক্ষ থেকে সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। বাংলাদেশও হ্যান্ডকাপ পরা শেখ হাসিনাকে বরণ করে নিতে প্রস্তুত।
মঙ্গলবার (২৪ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এসব কথা লেখেন তিনি।
পোস্টে রাশেদ খাঁন লেখেন, শেখ হাসিনা স্পষ্ট করে দিয়েছেন, বাংলাদেশ সরকার পতাকাবাহী বিমান না পাঠালে তিনি দেশে ফিরবেন না। সরকারও স্পষ্ট জানিয়ে দিয়েছে, দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার জন্য দিল্লিতে আলাদা কোনো ফ্লাইট যাবে না।
এর আগে শেখ হাসিনা দাবি করেছিলেন, বাংলাদেশ সেনাবাহিনী যেন তাকে বিমানে করে নিয়ে আসে। তবে তার এই অনুরোধে সেনাবাহিনীর পক্ষ থেকে কোনো সাড়াশব্দ দেওয়া হয়নি এবং দেওয়ার সুযোগও নেই বলে উল্লেখ করেন তিনি।
রাশেদ খাঁন আরও লেখেন, পলাতক দণ্ডপ্রাপ্ত আসামি নানক-নাছিমদের পেট্রাপোল সীমান্ত ভিজিট করার তথ্যও সঠিক নয়। ডেইলি ওয়াদা এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে ভারতীয় আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, পেট্রাপোল সীমান্তে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চার পলাতক নেতার বৈঠকের সত্যতা নেই। অর্থাৎ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের চাঙ্গা করার উদ্দেশ্যে পেট্রাপোল সীমান্তে চার পলাতক নেতার বৈঠকের স্ট্যান্টবাজি করা হয়েছে।
ভারতকে এত কিছু দিয়েও পলাতক হাসিনা একটা বিমান পর্যন্ত পাচ্ছেন না বলেও মন্তব্য করেন তিনি।
শেখ হাসিনার দেশে ফেরার পথ কী, সেই প্রশ্ন তুলে রাশেদ খাঁন লেখেন, গুজব ছড়িয়েছে শেখ হাসিনা নাকি পাসপোর্ট ও এনআইডির আবেদন করার জন্য নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ মিশনে যাবেন। কারণ মেট্রিক্স চেম্বার্সের সই জালিয়াতির বিষয়টি ইতোমধ্যে স্পষ্ট হয়ে গেছে।
তবে পরিস্থিতি যাই হোক না কেন, কোনো দণ্ডপ্রাপ্ত অপরাধীর পাসপোর্ট বা এনআইডি পাওয়ার সুযোগ নেই বলে উল্লেখ করেন তিনি। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকেও ইতোমধ্যে স্পষ্ট করা হয়েছে যে, নয়াদিল্লিতে বাংলাদেশি হাইকমিশনে আসামাত্র শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হবে।
পোস্টের শেষাংশে রাশেদ খাঁন লেখেন, শেখ হাসিনা গ্রেপ্তার হলে ভারত তাকে বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী ফাঁসির কাষ্ঠে ঝোলানোর জন্য বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তর করতে বাধ্য থাকবে। এ ক্ষেত্রে বাংলাদেশও হ্যান্ডকাপ পরা শেখ হাসিনাকে বরণ করে নিতে প্রস্তুত। সরকারের পক্ষ থেকে সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।
তবে শেখ হাসিনা ফাঁসিতে ঝুলতে দেশে ফিরবেন না বলে জানিয়ে দিয়েছেন উল্লেখ করে আগুনসন্ত্রাসীদের পরিণতি কী হবে, সেই প্রশ্নও তোলেন তিনি।











