spot_img

লঞ্চে আগুনে এত হতাহত সরকারের দুঃশাসনেরই প্রতিফলন: রিজভী

সুগন্ধায় লঞ্চে আগুনে এত হতাহত বর্তমান সরকারের দুঃশাসনেরই প্রতিফলন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, ভোটারবিহীন সরকারের জনগণের কাছে কোনো জবাবদিহিতা নেই। এ কারণেই সড়ক ও নৌপথসহ সব জনপথে নৈরাজ্য চলছে। সুগন্ধায় লঞ্চে আগুনে এত হতাহত বর্তমান সরকারের দুঃশাসনেরই প্রতিফলন। সর্বত্র সরকারি দলের দৌরাত্ম্যের কারণে সাধারণ মানুষের জীবনহানিসহ প্রচণ্ড জনদুর্ভোগের সৃষ্টি হয়েছে। মানুষ হত্যার বীরত্বে আওয়ামী সরকার দারুন উল্লসিত। সরকারের কারণেই সারাদেশে সর্বত্র অনিয়ম ও বিশৃঙ্খলার রাজত্ব।

শুক্রবার (২৪ ডিসেম্বর) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ক্ষমতাসীনদের পৃষ্ঠপোষকতায় এখন শকুন ও হায়েনাদের জয়জয়কার। ক্ষমতাসীন দলের অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ‘জেনারেল লাইসেন্স’ দেওয়ার কারণে দেশজুড়ে পৈশাচিক, লোমহর্ষক ঘটনার এক ভয়াবহ দুর্দিন বিস্তার লাভ করেছে।

কক্সবাজারে গৃহবধূর ওপর নির্মম পাশবিকতার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, কক্সবাজারে স্বামী-সন্তানকে জিম্মি করে বেড়াতে আসা গৃহবধূকে দলবেঁধে শ্লীলতাহানির ঘটনা শুধু মর্মান্তিকই নয়, দেশবাসীকে বেদনাহত ও আতঙ্কিত করে তুলেছে।

বিএনপির এ নেতা বলেন, এ নারকীয়তা যেন বর্তমান দুঃশাসনেরই একটি চালচিত্র। দেশবাসী যেন অন্ধকার প্রতিক্রিয়া, দাসত্ব ও মৃত্যুপুরীর আবহের মধ্যে বসবাস করছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ