spot_img

দুর্ঘটনার জন্য দোষ শুধু চালকদের নয়: দাবি শাজাহান খানের

দুর্ঘটনার জন্য দোষ শুধু চালকদের নয় বলে দাবি করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান।

তার দাবি, শুধুমাত্র গাড়ির চালকদের ওপর আইন প্রয়োগ করে দুর্ঘটনা কমানো সম্ভব নয়। কারণ, দুর্ঘটনার জন্য দোষ শুধু চালকদের নয়। এজন্য দরকার জনসচেতনতা।

শুক্রবার (২৪ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ‘আকাশ-সড়ক-রেল-নৌপথ দুর্ঘটনার সংখ্যা-কারণ ও প্রতিকার’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব দাবি করেন।

শাজাহান খান বলেন, জনসচেতনতার পাশাপাশি চালকদের ট্রেনিংসহ সব সুযোগ-সুবিধা দিলে তবেই দুর্ঘটনা অনেকাংশে কমে আসবে। চালকদের পর্যাপ্ত সুযোগ-সুবিধা না দিয়েই আমরা বলি, বেপরোয়া গতির গাড়ির জন্য দুর্ঘটনা হয়, এজন্য ড্রাইভার দায়ী। আমি অস্বীকার করবো না যে, ড্রাইভাররা বেপরোয়া গাড়ি চালায় না। কিন্তু এজন্য ড্রাইভারদের এককভাবে দায়ী করা যাবে না। ড্রাইভারদের ট্রেনিংসহ সব সুযোগ-সুবিধা দিলে দুর্ঘটনা অনেকটাই কমে আসবে।

তার বক্তব্য, এমন যদি কেউ মনে করে সড়ক দুর্ঘটনা একেবারে শূন্যের কোঠায় নেমে আসবে, সেটা সম্ভব নয়। পৃথিবীতে এমন কোনো দেশ নাই যে দেশে সড়ক দুর্ঘটনা নেই। সর্বনিম্ন দুর্ঘটনার দেশগুলোতেও বছরে দুই থেকে আড়াই শতাংশ দুর্ঘটনা ঘটে।

তিনি বলেন, ঢাকা-সিলেট, ঢাকা-খুলনাসহ উত্তরবঙ্গের ঢাকাগামী ট্রাক ও লং রোডে যেসব ট্রাক চলাচল করে সেসব গাড়ির চালকদের দিনের পর দিন রাস্তায় থাকতে হয়। তাদের বিশ্রামের জায়গা নেই, খাওয়ার জায়গা নেই, থাকার জায়গা নেই। এরইমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যাধুনিক চারটি টার্মিনাল নির্মাণ করার নির্দেশনা দিয়েছেন। সেসব টার্মিনালে ট্রাকচালকদের জন্য সব সুযোগ-সুবিধা থাকবে। আমি মনে করি, অবশ্যই এর সুফল কয়েক বছর পর পাওয়া যাবে। আগে আমাদের দাবি ছিলো হাইওয়ে রোডগুলো ফোর লেন ও সিক্স লেনের, এখন কিন্তু তা হচ্ছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ