আগামী নির্বাচনে আওয়ামী লীগ ফ্যাসিবাদীদের কোনো ভাবেই অংশগ্রহণ করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম।
তিনি বলেন, আমাদের লড়াই একটি স্থিতিশীল গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার লড়াই। আওয়ামী ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার লড়াই। যদি আওয়ামী লীগ ফেরত আসে তাহলে আবার ফ্যাসিবাদ ফিরে আসবে।
শনিবার (২৫ জানুয়ারি) দুপুরে চাঁদপুর জেলার হাজীগঞ্জে পথসভায় ছাত্র-জনতার উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে এ কথা বলেন তিনি।
মাহফুজ আলম বলেন, শেখ মুজিবুর রহমান বাকশাল প্রতিষ্ঠা করে হাজার হাজার মানুষকে খুন করেছিলেন। আমরা শেখ মুজিব-শেখ হাসিনার শাসনামল বাংলাদেশে আর দেখতে চাই না। নতুন বাংলাদেশ আওয়ামী লীগের ফ্যাসিবাদী ব্যবস্থা আর চায় না। আমরা চাই বাংলাদেশ, বাংলাদেশপন্থিদের হাতে থাকবে। বাংলাদেশে দিল্লিপন্থিদের আর কোনো স্থান হবে না।
তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানে দুই হাজারের অধিক ছাত্র-জনতার শাহাদতের বিনিময়ে আমরা সরকার গঠন করেছি। খুনিদের বিচার এবং ফ্যাসিস্ট হাসিনা যে প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দিয়ে গেছে, সে প্রতিষ্ঠানগুলো সংস্কার এবং একটি গণতান্ত্রিক পটপরিবর্তনের জন্য সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা আমাদের সরকারের অঙ্গীকার।
মাহফুজ আলম বলেন, ফ্যাসিস্ট হাসিনার স্বৈরাচারী আমলে বাচ্চাদেরও গুম করা হয়েছে। মা-বোনদের ধর্ষণ করা হয়েছে। খুন করা হয়েছে, হাজার হাজার লোককে পঙ্গু করা হয়েছে। সরকারের অগ্রাধিকারে রয়েছে গুম,খুন, ধর্ষণের বিচার এবং সংস্কার। অবশ্যই সব বাংলাদেশপন্থি রাজনীতিবিদের অংশগ্রহণে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়া হবে।
তিনি আরও বলেন, আমরা সব রাজনৈতিক দল, ছাত্র সংগঠন, শ্রমিক সংগঠন, নারী সংগঠন, আলেম-ওলামা সবাই মিলে ফ্যাসিস্ট হাসিনাকে উৎখাত করেছি। কিন্তু ফ্যাসিস্ট হাসিনা যে ব্যবস্থার ওপর দাঁড়িয়ে এই প্রতিষ্ঠানগুলো কবজা করে মানুষের ওপরে গণহত্যা চালিয়েছে সেসব প্রতিষ্ঠানের ন্যূনতম সংস্কার না করে আমরা যদি নির্বাচন করি তাহলে এই প্রতিষ্ঠানগুলো থেকে যাবে। জনগণ কখনই বৈষম্য নিপীড়নমুক্ত হতে পারবে না।











