ভারতের ব্যাঙ্গালুরুতে বাংলাদেশি নারীকে ধর্ষণের পর হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সমাবেশে ভারতীয় হাইকমিশনারকে অবিলম্বে তলব করে এ হত্যাকাণ্ডের কারণ ও সুষ্ঠু বিচারের জন্য জবাবদিহি চাওয়ার আহ্বান জানানো হয় সরকারকে।
শনিবার (২৫ জানুয়ারি) বিকেল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এক বিক্ষোভ সমাবেশে এ আহ্বান জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।
এসময় তারা ‘ভারতীয় আগ্রাসন, রুখে দাও জনগণ’ ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’ ‘আমাদের ধমনীতে, আবরার/আবু সাঈদের রক্ত’ ‘বিচার চাই বিচার চাই, নাজমা/ফেলানী হত্যার বিচার চাই’ ‘আমার বোন মরলো কেন, ভারত তুই জবাব দে’ ‘গোলামি না আজাদী, আজাদী আজাদী’ ‘গোলামী না রাজপথ, রাজপথ রাজপথ’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।
বিক্ষোভ সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা কলেজের আহ্বায়ক আফজাল হোসেন রাকিব বলেন, ভারতীয় আগ্রাসনবাদীরা যদি মনে করে তারা এখনো তাদের আগ্রাসন চালিয়ে যাবে, তাহলে তারা ভুল ভাবছে। আমরা স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, এখন থেকে বাংলাদেশের বিপক্ষে কিছু করতে গেলে ১০০ বার ভাববেন। আপনারা আগের ফ্যাসিস্টদের যে সহযোগিতা পেয়েছিলেন সেটা আর পাবেন না। আধিপত্য বিস্তারের চেষ্টা করা হলে আমরা বিন্দুমাত্র ছাড় দেব না।
তিনি বলেন, এখন পর্যন্ত ভারতীয় হাইকমিশনারকে ডাকা হয়নি, এ ধর্ষণ ও হত্যাকাণ্ডের কোনো জবাব চাওয়া হয়নি। আমরা চাই না আর নতজানু হয়ে চলতে। আমরা চাই নতজানু না হয়ে রাষ্ট্রীয়ভাবে জোরালো পদক্ষেপ নেওয়া হোক।
বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য রাখেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক তারিকুল ইসলাম, কেন্দ্রীয় কমিটির সদস্য মঈনুল ইসলাম, ঢাবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী সাকিব আহমেদ, ঢাবি শিক্ষার্থী মোফাজ্জল হোসাইন সাদাত, ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষার্থী ইয়াসমিন মিতু, যোগাযোগ বৈকল্য বিভাগের শিক্ষার্থী রিফতি প্রমুখ।











