ইউক্রেনের ঐতিহাসিক চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র দখল করে নিয়েছে রাশিয়া।
বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) শুরু হওয়া ইউক্রেনে সামরিক অভিযানের প্রথম দিনেই ঐতিহাসিক ভাবে গুরুত্বপূর্ণ এই পরমাণু স্থাপনাটি দখল করে নেয় রুশ সামরিক বাহিনী।
ইউক্রেনের এক উচ্চপদস্থ কর্মকর্তার বরাত দিয়ে শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দফতরের উপদেষ্টা মিখাইলো পোডোলইয়াক বলেছেন, ‘গতকাল (বৃহস্পতিবার) ইউক্রেনের সামরিক বাহিনীর বিরুদ্ধে তুমুল আক্রমণের পর চেরনোবিল পারমাণবিক কেন্দ্রটির নিয়ন্ত্রণ নেয় রাশিয়ার সামরিক বাহিনী। তবে সেখানকার নিরাপত্তা কোন পর্যায়ে রয়েছে তা এখনরও পরিষ্কার নয়।
তিনি আরও বলেন, রাশিয়ার সামরিক বাহিনীর ব্যাপক আক্রমণের পর চেরনোবিল পারমাণবিক কেন্দ্রটির নিরাপত্তা সম্পর্কে বলাটা অসম্ভব। এটি আজ ইউরোপের জন্য অন্যতম বড় একটি হুমকি।
অবশ্য এ ঘটনার কয়েক ঘণ্টা আগে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি ঘোষণা জানিয়েছিলেনম রুশ সামরিক বাহিনী চেরনোবিল পরমাণু বিদ্যুৎকেন্দ্র দখল করার চেষ্টা করছে।











