আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি পথ হারিয়ে এখন দিশেহারা। পতন যাত্রা শুরু হয়েছে বিএনপির। তাদের আর সহ্য হয় না। তারা শেখ হাসিনাকে সহ্য করতে পারে না। কারণ পদ্মা সেতুর কথা শুনলে, দেখলে তাদের গায়ে জ্বালা ধরে। মেট্রোরেল দেখলে তাদের জ্বলে। ঘরে ঘরে বিদ্যুৎ দেখলে তাদের জ্বালা করে। তারা অন্তর্জ্বালায় ভুগছে।
শনিবার (২৫ ফেব্রুয়ারি) গোপালগঞ্জের কোটালীপাড়ায় তালিমপুর তেলিহাটি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় এসব কথা বলেন তিনি।
সেতুমন্ত্রী বলেন, বিএনপি ক্ষমতায় গেলে মুক্তিযোদ্ধাদের রাজাকার বানাবে। রাজাকারদের মুক্তিযোদ্ধা বানাবে। রাজাকারদের স্বাধীনতা আর একুশে পদক দেবে। নারীদের চাকরি হবে না। বোরকা পরে ঘরের কোনায় বসে থাকতে হবে।
তিনি বলেন, বিএনপিকে প্রতিহত করতে হবে। এরা স্বাধীনতার শত্রু, জয় বাংলার শত্রু। ১৬ ডিসেম্বরের শত্রু। এরা ক্ষমতায় এলে জয় বাংলা নিষিদ্ধ হবে। ৭ মার্চ নিষিদ্ধ হবে।
তিনি আরও বলেন, আপনারা প্রস্তুত আছেন? খেলা হবে আন্দোলনে। নির্বাচনেও খেলা হবে। নৌকা চলবে ভাসিয়া, ভোট দেবেন হাসিয়া। সবাই তৈরি হয়ে যান। খেলায় তারা পারবে না। তারা হেরে গেছে। নির্বাচনে না এলে তাদের অস্তিত্ব টিকবে না। মনে রাখবেন আন্দোলন করতে জনগণ লাগে। বিএনপির সঙ্গে জনগণ নেই। তাদের সঙ্গে অগ্নিসন্ত্রাস আছে, পেট্রোল বোমা আছে, ককটেল আছে, লাঠি আছে। এই অপশক্তি সুযোগ পেলে আবারও ভয়ংকর কাণ্ড ঘটাবে।










