spot_img
spot_img

“খালেদা জিয়া দণ্ডপ্রাপ্ত, সংবিধানমতে নির্বাচন করতে পারবেন না”

সংবিধান অনুযায়ী সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নির্বাচন করতে পারবেন না বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।

তিনি বলেন, খালেদা জিয়া দুটি দুর্নীতি মামলায় আসামি ছিলেন। সেই মামলাগুলোর একটি বিচারিক আদালতে এবং আরেকটি হাইকোর্টে আপিল শুনানি হয়েছে এবং তাঁকে দণ্ড দেওয়া হয়েছে। বিচারিক আদালতে পাঁচ বছরের দণ্ড দেওয়া হয়েছিল। হাইকোর্টের আপিলে সেটা বাড়িয়ে ১০ বছর করা হয়েছে। আরেকটি মামলায় বিচারিক আদালতে শুনানি শেষে তাকে সাত বছরের দণ্ড দেওয়া হয়েছে।

আজ শনিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বাদৈর ইউনিয়নের জমশেরপুর উচ্চ বিদ্যালয়ের শতবর্ষপূর্তি অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী একথা বলেন।

আইনমন্ত্রী আনিসুল হক বলেন, যেহেতু বেগম খালেদা জিয়া দুটো মামলায় দণ্ডপ্রাপ্ত, সেহেতু সংবিধানের ৬৬ অনুচ্ছেদ অনুযায়ী তিনি নির্বাচন থেকে বারিত। তার মানে তিনি নির্বাচন করতে পারবেন না।

খালেদা জিয়ার রাজনীতি করা না করা নিয়ে সাংবাদিকরাই ধূম্রজাল সৃষ্টি করেছেন মন্তব্য করে আইনমন্ত্রী আরও বলেন, খালেদা জিয়াকে তাঁর ভাই শামীম ইস্কান্দারের আবেদনের পরিপ্রেক্ষিতে মুক্তি দেওয়া হয়েছিল। আবেদনে বলা হয়েছিল, খালেদা জিয়া গুরুতর অসুস্থ, তাঁর জীবন বিপন্ন। সুচিকিৎসার প্রয়োজন। এই আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী দুটো শর্তে তাঁর দণ্ডাদেশ স্থগিত রেখে মানবিক কারণে মুক্তি দিয়েছেন। শর্ত দুটো হচ্ছে তিনি ঢাকায় নিজ বাসায় থেকে দেশে চিকিৎসা নেবেন এবং বিদেশ যেতে পারবেন না। সেখানে তিনি রাজনীতি করতে পারবেন না এমন কোনো শর্ত ছিল না।’

এর আগে তিনি জমশেরপুর উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন। অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মুহাম্মাদ নাছিরুল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, আইন সচিব মুহাম্মাদ গোলাম সারোয়ার, এই বিদ্যালয়ের ছাত্র সাবেক সংসদ সদস্য মুহাম্মাদ শাহ আলম, অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মাদ জয়নাল আবেদীন প্রমুখ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ