তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আগামীতে যুবরাই গড়বে সমৃদ্ধ ও মেধাভিত্তিক স্মার্ট বাংলাদেশ। উদ্যমী যুবলীগের ঐক্যবদ্ধ নেতাকর্মী এই গন্তব্যে দায়িত্বশীল ভূমিকা পালন করবে।
শনিবার (২৫ ফেব্রুয়ারি) সিংড়া কোর্টমাঠে বাংলাদেশ আওয়ামী যুবলীগ সিংড়া উপজেলা ও পৌর শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে সম্মানিত অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশকে ‘সোনার বাংলা’ গড়ার দায়িত্ব সম্ভাবনাময় যুব শক্তির ওপর অর্পণ করেন। বঙ্গবন্ধুর নির্দেশিত পথে সোনার বাংলার আধুনিক রুপ ডিজিটাল বাংলাদেশের সফল পথ পরিক্রমায় ‘স্মার্ট বাংলাদেশ’ এর পথে এগিয়ে যাবে দেশ। এই চলার পথে প্রধান শক্তি যুবরাই। শুধু দেশের উন্নয়নেই নয়, রাজনৈতিক ষড়যন্ত্রকারীদের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চলার পথকে মসৃন করে যাচ্ছে যুবলীগ।
তিনি আরও বলেন, করোনাকালীন অসহায় মানুষের মুখে খাবার তুলে দিয়েছে যুগলীগের কর্মীরা। মরদেহ দাফন করেছে তারা। কৃষকের জমির ফসল কেটে দিয়ে প্রশংসিত হয়েছে যুবলীগের নেতাকর্মীরা। ভবিষ্যতেও মানবতার কল্যাণে কাজ করে যাবে যুবলীগ।











