বৃহস্পতিবার | ২৬ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img
spot_img

শাপলা চত্বরে গণহত্যার নির্দেশদাতা শেখ হাসিনা : প্রমাণ পেয়েছে তদন্ত সংস্থা

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা ২০১৩ সালের শাপলা চত্বর হত্যাযজ্ঞের তদন্ত শেষ করেছে। তদন্ত প্রতিবেদনে বর্বরোচিত এ হত্যাকাণ্ডের নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনার নাম উঠে এসেছে। এ ঘটনায় শেখ হাসিনাসহ অন্তত ৩০ জনকে আসামি করা হয়েছে।

২০১৩ সালের ৫ মে ঢাকার মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশকে ঘিরে এ হত্যাযজ্ঞের ঘটনা ঘটে। পরে ২০২৫ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এ ঘটনার তদন্ত চেয়ে ট্রাইব্যুনালে আবেদন জানায় হেফাজতে ইসলাম বাংলাদেশ। জাতীয় নির্বাচনের আগেই সেই তদন্ত শেষ করেছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।

একটি বেসরকারি টেলিভিশন জানিয়েছে, তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, শাপলা চত্বরে গণহত্যার ঘটনায় ৩০ জনের বেশি ব্যক্তিকে আসামি করা হয়েছে। সরাসরি গণভবন থেকে এই হত্যার নির্দেশ আসে। এজন্য শেখ হাসিনাকে প্রধান আসামি করা হয়েছে। এরপর নাম এসেছে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর, প্রতিমন্ত্রী শামসুল হক টুকু এবং তৎকালীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফের।

আসামিদের তালিকায় আরও রয়েছেন সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুবলীগ সভাপতি ওমর ফারুক, গণজাগরণ মঞ্চের ইমরান এইচ সরকার, শাহরিয়ার কবীর, পুলিশের আইজি হাসান মাহমুদ খোন্দকার, পুলিশ কর্মকর্তা শহিদুল হক, ডিএমপি কমিশনার বেনজীর আহমেদ, র‍্যাবের ডিজি মোখলেস, জিয়াউল আহসান এবং পুলিশের আরও কয়েকজন কর্মকর্তা।

তদন্ত প্রতিবেদনে বলা হয়, মাস্টারপ্ল্যান করে ঢাকায় আনা হয় হেফাজতের নেতাকর্মীদের। ভয় দেখানোর জন্য সারাদিন তাদের ত্যক্ত-বিরক্ত করা হয়। এরপর তাদের হেয় করতে ভাঙচুরের খবর গণমাধ্যমে প্রচার করা হয়। পরবর্তীতে রাত ১০টার পর প্রাথমিকভাবে শাপলা চত্বরে অভিযান চালাতে নির্দেশ দেন শেখ হাসিনা। এমন নির্দেশনা পেয়ে রাত ১টা ৪৫ মিনিটে লাইট নিভিয়ে একদিক খোলা রেখে সমন্বিতভাবে ক্রাকডাউনে যায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

তবে ওই ঘটনায় মোট কতজন নিহত হয়েছেন, তার চূড়ান্ত হিসাব তদন্ত সংস্থা নির্ধারণ করতে পারেনি। শুধু ঢাকা ও নারায়ণগঞ্জের মৃতদের নিয়ে অধিকারের প্রতিবেদনের ভিত্তিতে তদন্ত প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে।

আলোচিত এ মামলায় গ্রেপ্তার চার আসামি হলেন, সাবেক আইজিপি এ কে এম শহিদুল হক, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসান এবং পুলিশের সাবেক উপমহাপরিদর্শক মোল্যা নজরুল ইসলাম।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ