স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ভারতের বিজেপি সরকারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বাংলাদেশে আমন্ত্রণের প্রতিবাদে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলে পুলিশি হামলার তীব্র নিন্দা ও গ্রেফতারকৃতদের দ্রুত মুক্তির দাবি জানিয়েছে ছাত্র জমিয়ত বাংলাদেশ।
বৃহস্পতিবার (২৫ মার্চ) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ছাত্র জমিয়তের কেন্দ্রীয় সভাপতি এখলাছুর রহমান রিয়াদ হামলার প্রতিবাদ ও গ্রেফতারকৃতদের মুক্তির দাবি জানান।
বিবৃতিতে বলা হয়, কাশ্মীর গুজরাটসহ ভারতীয় মুসলমানদের রক্তে বার বার রঞ্জিত হয়েছে নরেন্দ্র মোদির হাত। সুতরাং বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ভারতের প্রধানমন্ত্রী খুনি নরেন্দ্র মোদিকে দেশপ্রেমিক জনগণ কোনভাবেই মেনে নিতে পারে না। মোদির মতো উগ্র সাম্প্রদায়িক ব্যক্তিকে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বাংলাদেশে স্বাগত জানানো বাংলাদেশের স্বাধীনতার চেতনার সাথে সাংঘর্ষিক।
বিবৃতিতে আরও বলা হয়, যারা শুষ্ক মৌসুমে তিস্তার পানির ন্যায্য হিস্যা থেকে আমাদেরকে বঞ্চিত করে আর বর্ষা মৌসুমে আমাদের পানিতে ডুবিয়ে মারতে চায়, নদীতে বাঁধ নির্মাণ করে নদী আগ্রাসন চালায়, সীমান্তে আমাদের দেশের মানুষকে প্রতিনিয়ত হত্যা করে, আমার দেশের ফেলানীকে নির্মমভাবে হত্যা করে সীমান্তের কাঁটাতারে লাশ ঝুলিয়ে রাখে, আমাদের সার্বভৌমত্বকে বৃদ্ধাঙ্গুলী দেখায় তারা আর যাই হোক কখনো আমাদের বন্ধু হতে পারে না।
তিনি সরকারকে অবিলম্বে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফর বাতিল করার আহ্বান জানান।











