spot_img

ফেরিতে উঠতে গিয়ে পদ্মায় বাস : জীবিত উদ্ধার ১১, নিখোঁজ অনেক

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে ফেরিতে উঠতে গিয়ে ‘সৌহার্দ্য পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে গেছে। এ ঘটনায় অন্তত ১১ জন যাত্রী জীবিত উদ্ধার হয়েছেন। তবে আরও কয়েকজন নিখোঁজ থাকায় ঘাটজুড়ে স্বজনদের আহাজারি চলছে।

বুধবার (২৫ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে দৌলতদিয়া ফেরিঘাটের ৩ নম্বর পন্টুনে এ দুর্ঘটনা ঘটে। প্রশাসন জানিয়েছে, বাসটিতে প্রায় ৪৫ জন যাত্রী ছিলেন।

ফায়ার সার্ভিস ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, ফেরিতে ওঠার সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। ঘটনার পর ১১ জন যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। নিখোঁজদের উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান শুরু করেছে।

ঘটনার পর উদ্ধারকারী জাহাজ হামজা ঘটনাস্থলে পৌঁছালেও শুরুতে উদ্ধারকাজ এগোতে না পারায় নিখোঁজদের স্বজনদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে তারা ফেরিঘাট এলাকায় আহাজারি করতে থাকেন এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা পুলিশ, সেনাবাহিনী, নৌ পুলিশ ও ফায়ার সার্ভিস যৌথভাবে কাজ করছে। ঘটনাস্থলে জেলা প্রশাসক, পুলিশ সুপার, গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।

রাজবাড়ী ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক দেওয়ান সোহেল রানা বলেন, যাত্রীবাহী সৌহার্দ্য পরিবহনের বাসটি ফেরিতে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। পাটুরিয়া ও আরিচা ঘাট থেকে ডুবুরি দল এসে উদ্ধার অভিযানে অংশ নিয়েছে।

জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, ঘটনাস্থলে উদ্ধারকারী ফেরি হামজা কাজ করছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ