পদ্মা সেতু তৈরি হয়ে যাওয়ায় বিএনপি ও তাদের দোসরদের বুকে বড় জ্বালা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বুধবার (২৫ মে) সকালে নিজ বাসভবন থেকে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সদস্য নবায়ন ও ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ মন্তব্য করেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, বিএনপির নেত্রী খালেদা জিয়া বলেছিলেন, পদ্মা সেতু হবে না, এই সরকার কখনো তা করতে পারবে না। পদ্মা সেতু হয়ে গেছে, এখন শুধু উদ্বোধনের অপেক্ষা। তাই বিএনপি ও তাদের দোসরদের বুকে বড় জ্বালা।
আগামী জাতীয় নির্বাচনে জনগণকে উন্নয়ন দেখানোর মতো বিএনপির কিছু নেই উল্লেখ করে তিনি বলেন, হাওয়া ভবনের দুর্নীতি, তারেক রহমানের দুর্নীতি, তাদের নেত্রীর এতিমের টাকা আত্মসাতের দুর্নীতি দেখানো ছাড়া বিএনপির আর কিছু নেই।
আগামী ২৩ জুন আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং ২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে চট্টগ্রামসহ সারাদেশের নেতাকর্মীদের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।










