বিএনপি আন্দোলনের নামে আবারও নাশকতা করবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শাজাহান খান।
তিনি বলেন, আমি একটা কথা বারবার বলি তা হলো ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলেই ভয় পায়। আমাদের আশঙ্কা ও বিশ্বাস, সেটি হলো- বিএনপি ২০১৩-১৪ ও ১৫ সালে যেভাবে আগুন দিয়ে পুড়িয়ে শ্রমিক, কর্মচারী ও পেশাজীবীদের হত্যা করেছে, বর্তমানে তাদের এই আন্দোলনের পেছনের পর্দার অন্তরালে সেই ভয়ংকর দৃশ্য রয়েছে। যে দৃশ্যের অবতরণ কিছুটা মঙ্গলবার (২৩ মে) ঘটেছে। তারা আবার সেই নাশকতার মধ্যে যাবেই। তারা চেষ্টা করছে শেখ হাসিনাকে হত্যা করার জন্য। যেমন করে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেছিল। পরবর্তী সময়ে শেখ হাসিনাকে ২১ বার হত্যার চেষ্টা করেছে।
বৃহস্পতিবার (২৫ মে) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। ‘মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে আমরা ঐক্যবদ্ধ’ শীর্ষক সংবাদ সম্মেলনের আয়োজন করে উপজেলা কমান্ডার অ্যাসোসিয়েশন সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদ।
শাহজাহান খান বলেন, প্রধানমন্ত্রীও বলেছেন- কোনও ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা করলে ছাড় দেওয়া হবে না। সুতরাং নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড করার চেষ্টা করে… তাহলে আমাদের প্রয়োজন নেই, জনগণই তাদের প্রতিহত করা হবে।
তিনি বলেন, আওয়ামী লীগের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দল আছে, যারা মুক্তিযুদ্ধের দল। যারা মুক্তিযুদ্ধ করেছে সেই রাজনৈতিক দলগুলোকে আহ্বান করব- আপনাদের পরিচয় হলো আপনারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করছেন। আপনারা ঐক্যবদ্ধ হোন, সময় এসেছে এই নাশকতামূলক আন্দোলনকে প্রতিহত করার জন্য।
মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচনের প্রসঙ্গে শাজাহান খান বলেন, নির্বাচনটি এই মাসেই আশা করেছিলাম। কিন্তু হয়নি। তাই বলে নির্বাচন বাতিল নয়, পরে হবে।











