পবিত্র ঈদুল আজহার এক বার্তায় ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের আমীর হিবাতুল্লাহ আখুন্দজাদা বলেছেন, ইমারাতে ইসলামিয়া ইসলামী শরীয়াহর মূলনীতির কাঠামোর মধ্যে বিশ্বের সব দেশ, বিশেষ করে ইসলামী দেশগুলোর সঙ্গে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারণ করতে চায় এবং এ ক্ষেত্রে নিজেদের দায়িত্ব পালন করেছে।
শায়খ হিবাতুল্লাহ আখুন্দজাদা নিরাপত্তা কর্মকর্তাদেরও নির্দেশ দিয়েছেন, ঈদের ছুটির সময় জনগণের নিরাপত্তা, স্বস্তি ও কল্যাণ নিশ্চিত করার বিষয়ে বিশেষ মনোযোগ দিতে এবং নাগরিকদের শান্তি ও আনন্দের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করতে।
ইমারাতে ইসলামিয়ার আমীর আরও বলেন, ইসলামী ব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে নাগরিকদের শরীয়াহসম্মত অধিকার নিশ্চিত করা হয়েছে এবং জুলুম ও লঙ্ঘন প্রতিরোধ করা হয়েছে।
ইমারাতে ইসলামিয়ার উপ-মুখপাত্র হামদুল্লাহ ফিতরাত বলেন, ইমারাতে ইসলামিয়ার কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে, তারা যেন নিজেদের দায়িত্ব পালনের ক্ষেত্রে মহান আল্লাহর আদেশ ও নিষেধ পুরোপুরি মেনে চলেন এবং ইসলামী শরীয়াহ অনুযায়ী জনগণের সেবা, নিরাপত্তা ও জনকল্যাণ নিশ্চিত করার দায়িত্ব যথাযথভাবে পালন করেন।
রাজনৈতিক বিশ্লেষক দাউদ শিরাজ বলেন, ইমারাতে ইসলামিয়ার আমীরের বার্তাটি জনগণ ও সরকার, উভয়ের জন্যই ইতিবাচক। এটি দেখায় যে নিরাপত্তা নিশ্চিত করা শুধু সরকারের দায়িত্ব নয়, বরং জনগণ ও সরকারের পারস্পরিক সহযোগিতা নিরাপত্তাকে আরও শক্তিশালী করতে পারে।
ইমারাতে ইসলামিয়ার আমীর কর্মকর্তাদের প্রতি ফেরত আসা অভিবাসীদের পরিস্থিতির দিকে আরও বেশি মনোযোগ দেওয়ার এবং জমি বণ্টন, পরিবহন ও পুনর্বাসনের জন্য প্রয়োজনীয় সুবিধা দেওয়ার আহ্বান জানিয়েছেন।
বার্তার আরেক অংশে শায়খ হিবাতুল্লাহ আখুন্দজাদা আফগান বিনিয়োগকারী ও ইমারাতে ইসলামিয়ার কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান, ঈদের ছুটির সময় তারা যেন অভাবী পরিবার, এতিম, বিধবা এবং ফেরত আসা অভিবাসীদের সহায়তা করেন এবং তাদের ঈদের আনন্দে শরিক করেন।
রাজনৈতিক বিশ্লেষক সামিউল্লাহ আহমদজাই বলেন, বর্তমান পরিস্থিতিতে অভিবাসীদের অবস্থা দেখা খুবই গুরুত্বপূর্ণ। কারণ লাখ লাখ অভিবাসী, বিশেষ করে পাকিস্তান থেকে, জোরপূর্বক বিতাড়িত হয়েছেন এবং তাদের সহায়তা ও সহযোগিতা প্রয়োজন। সরকারের পাশাপাশি আফগান ব্যবসায়ী ও বিনিয়োগকারীদেরও অভিবাসীদের সহায়তায় অবদান রাখা উচিত।
ইমারাতে ইসলামিয়ার আমীর কর্মকর্তাদের আরও নির্দেশ দিয়েছেন, দায়িত্ব পালনের ক্ষেত্রে তারা যেন ইসলামী আদেশ ও নিষেধ পুরোপুরি মেনে চলেন, জনগণের সেবায় অবহেলা থেকে বিরত থাকেন এবং নাগরিকদের বিষয়গুলো দ্রুত ও যথাযথভাবে সমাধান করেন।
সূত্র: টুলু নিউজ











