ভারতের কেন্দ্রীয় রেল ও খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন পাঞ্জাবের বিজেপি নেতা রাভনীত সিং বিট্টু। গত জুনে রাজ্যসভার সদস্য হিসেবে তার মেয়াদ শেষ হয়।
সূত্রের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, আগামী বছর পাঞ্জাবে অনুষ্ঠেয় বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন বিট্টু। আম আদমি পার্টি (আপ) শাসিত সীমান্তবর্তী এই রাজ্যে বিজেপির ঘুরে দাঁড়ানোর ক্ষেত্র প্রস্তুতের কাজে তিনি নিবিড়ভাবে যুক্ত ছিলেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বিট্টু বলেন, “ভারত সরকারের প্রতিমন্ত্রী হিসেবে দেশকে সেবা করার সুযোগ দেওয়ার জন্য আমি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।”
তিনি আরও বলেন, “ভারতের এবং বিশেষ করে আমার প্রিয় পাঞ্জাবের জনগণের সেবা করা বিরাট সৌভাগ্যের বিষয় ছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে জনসেবা ও জাতীয়তাবাদের আদর্শের প্রতি আমি প্রতিশ্রুতিবদ্ধ। নতুন উদ্যমে আমার জনসেবার যাত্রা অব্যাহত রয়েছে।”
পাঞ্জাবের সাবেক মুখ্যমন্ত্রী বিয়ন্ত সিংয়ের নাতি রাভনীত সিং বিট্টু ২০২৪ সালে বিজেপিতে যোগ দেন। ওই বছরের লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি পরাজিত হন।
এরপর কংগ্রেস নেতা কে সি ভেনুগোপালের ছেড়ে যাওয়া রাজ্যসভার আসনের অবশিষ্ট মেয়াদের জন্য রাজস্থান থেকে বিট্টুকে রাজ্যসভায় মনোনীত করা হয়।










