spot_img

জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য ছাড়ল খেলাফত মজলিস

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য থেকে সরে দাঁড়িয়েছে খেলাফত মজলিস। এখন থেকে ঐক্যের সব কর্মসূচি থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে দলটি।

শনিবার (২৫ জুলাই) দুপুরে রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত কেন্দ্রীয় মজলিসে শুরার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে ১১ দলীয় ঐক্যের যাবতীয় কর্মসূচিতে অংশ নেবে না খেলাফত মজলিস। তবে ভবিষ্যতে বৃহত্তর ঐক্য গড়ে তোলার প্রয়োজন দেখা দিলে বিষয়টি বিবেচনা করবে দলটি।

বৈঠক শেষে খেলাফত মজলিসের কেন্দ্রীয় প্রচার সম্পাদক প্রকৌশলী আব্দুল হাফিজ খসরু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “১১ দলীয় ঐক্য ছিল মূলত নির্বাচনী সমঝোতা। নির্বাচন শেষ হয়ে যাওয়ায় এ ঐক্যের কার্যকারিতা বস্তুত শেষ হয়ে যায়। তবুও নির্বাচন শেষ হওয়ার পর ১১ দলীয় কিছু কর্মসূচিতে খেলাফত মজলিস অংশ নেয়।”

এতে আরও বলা হয়, “এখন থেকে ১১ দলীয় ঐক্যের যাবতীয় কর্মসূচি থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে খেলাফত মজলিস। ভবিষ্যতে দেশ, জাতি ও ইসলামের প্রয়োজনে বৃহত্তর ঐক্য গড়ে তোলার প্রয়াস ও প্রচেষ্টা অব্যাহত থাকবে।”

এর আগে গত ১৩ জুন চট্টগ্রামে ১১ দলের বিভাগীয় সমাবেশের পর খেলাফত মজলিস আনুষ্ঠানিকভাবে জোটকে জানিয়ে দেয়, ভবিষ্যতে কোনো সমাবেশের ব্যানার বা প্রচারণায় যেন দল ও নেতাদের নাম ব্যবহার করা না হয়।

পরবর্তী সময়ে রংপুরে আয়োজিত একটি সমাবেশে খেলাফত মজলিসের নাম ব্যবহার করা হলে দলটির আপত্তির মুখে তা প্রত্যাহার করা হয়। এরপর থেকে জোটের কোনো কর্মসূচিতে দলটির নাম ব্যবহার করা হয়নি বলে দলীয় সূত্রে জানা গেছে।

এদিকে শনিবার সকালে জোট ত্যাগের বিষয়ে সংবাদমাধ্যম কালবেলার সঙ্গে কথা বলেন খেলাফত মজলিসের নায়েবে আমীর মাওলানা আহমদ আলী কাসেমি।

তিনি বলেন, “জাতীয় নির্বাচনে ১১ দলের একটি সমঝোতা হয়েছিল। আমরাও সেই সমঝোতায় ছিলাম। নির্বাচন-পরবর্তী সময়ে ১১ দলের কিছু কর্মসূচিতেও আমাদের খানিকটা উপস্থিতি ছিল। কিন্তু বেশ কিছুদিন ধরে আমরা ১১ দলের কোনো কর্মসূচিতে অংশ নিচ্ছি না।”

মাওলানা আহমদ আলী কাসেমি বলেন, “বর্তমানে সেই সমঝোতা আর নেই। আমরা এটিকে আর চালিয়ে যেতে চাইছি না। গণভোটের রায় বাস্তবায়নসহ কিছু বিষয়ে ১১ দলের সঙ্গে আমরাও একমত। তবে এখন সেসব বিষয় বাস্তবায়নে আমরা পৃথকভাবে কাজ করব। ভবিষ্যতে কোনো ঐক্যের প্রয়োজন হলে বিষয়টি বিবেচনা করা হবে।”

সম্প্রতি কওমি ঘরানার ইসলামি দলগুলোর রাজনৈতিক অবস্থান নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। হেফাজতে ইসলামের আমীর আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর উদ্যোগে কওমি ধারার কয়েকটি ইসলামি দলের নেতাদের বৈঠকের পর থেকেই ১১ দলীয় নির্বাচনী ঐক্যের ভবিষ্যৎ নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা জল্পনা তৈরি হয়।

ইতোমধ্যে খেলাফত আন্দোলন আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে ১১ দলীয় ঐক্য ত্যাগ করেছে। এবার খেলাফত মজলিসও একই পথে হাঁটল। তবে মাওলানা মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত মজলিস এখনো জামায়াত নেতৃত্বাধীন ঐক্যে রয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ