পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেছেন, রাষ্ট্রপতির পদত্যাগের পেছনে কোনো ধরনের রাজনীতি নেই। রাষ্ট্রপতি স্বেচ্ছায় পদত্যাগ করেছেন এবং পদত্যাগ করার অধিকার তার রয়েছে।
শনিবার (২৫ জুলাই) দুপুরে ফেনী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নতুন কমিটির শপথ গ্রহণ ও অভিষেক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আবদুল আউয়াল মিন্টু বলেন, ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ ছাড়া দেশের উন্নয়ন সম্ভব হবে না। কর্মসংস্থানও হবে না। আপনারা যদি ঠিকমতো ব্যবসা-বাণিজ্য করার সুযোগ দেন, তাহলে দেশে বেকার যুবকদের কর্মসংস্থানের সৃষ্টি হবে। শিক্ষিত ও অর্ধশিক্ষিতদের চাকরির সুযোগ তৈরি হবে।
তিনি বলেন, আমরা যদি বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে না পারি, তাহলে সন্ত্রাস ও মাদকাসক্তির সংখ্যা বৃদ্ধি পাবে। দেশে ও সমাজে অস্থিরতা ও বিশৃঙ্খলা সৃষ্টি হবে। এতে দেশের উন্নয়ন ও সমৃদ্ধি ব্যাহত হবে। রাজনীতি অর্থনীতিকে নিয়ন্ত্রণ করে। তাই অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিত করতে হলে রাজনৈতিক ও সামাজিক স্থিতিশীলতা নিশ্চিত করতে হবে। এজন্য সবাইকে রাজনৈতিক ও সামাজিক দায়িত্ব পালন করতে হবে।
তিনি আরও বলেন, ব্যবসায়ীদের ব্যবসা-বাণিজ্য করার সুযোগ দিতে হবে। বিনিয়োগের অনুকূল পরিবেশ সৃষ্টি করতে হবে। মাদক ও কিশোর গ্যাং পুরো দেশের সমস্যায় রূপান্তরিত হয়েছে। আমরা যদি যুবকদের শারীরিক ও মানসিক বিকাশের সুযোগ সৃষ্টি করে দিতে পারি, তাহলে এ সমস্যা ক্রমান্বয়ে কমে যাবে।
পরিবেশমন্ত্রী বলেন, আমি ফেনীতে জন্ম নিয়েছি। ফেনীতে লেখাপড়া করেছি এবং ফেনীতেই বড় হয়েছি। মহাসড়কের ফেনী লালপুল ক্রসিংয়ের সমস্যাটি সমাধানের জন্য চাপ দিয়েছি। মুসাপুরে রেগুলেটরের সমস্যাটি একনেকে নেওয়ার চেষ্টা হচ্ছে। মেডিকেল কলেজ নির্মাণের বিষয়টি বারবার সংসদে বলা হচ্ছে। আশা করি, ক্রমান্বয়ে এসব সমস্যার সমাধানে প্রকল্প হাতে নেওয়া হবে।










